সাইকেলে বেড়িয়ে টনি অ্যাবটের বিজয় উদ্যাপন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার হবু প্রধানমন্ত্রী টনি অ্যাবট গত শনিবারের সাধারণ নির্বাচনে বিজয়ের আনন্দ উদ্যাপন করলেন খুব সকালে বাইসাইকেলে ঘুরে। এ সময় তিনি ‘কাজে নেমে পড়া’ ও ‘সব অস্ট্রেলীয়র প্রধানমন্ত্রী’ হিসেবে নিজেকে প্রতিষ্ঠার অঙ্গীকার করেন। দেশটির এবারের নির্বাচনী প্রচারণা ছিল লক্ষণীয়ভাবে বিভেদমূলক।
শনিবার রাতে বিজয় নিশ্চিত হওয়ার পর টনি অ্যাবট ঘোষণা করেন, ‘অস্ট্রেলিয়ায় এখন থেকে নতুন ব্যবস্থাপনা চালু হলো এবং...এখন কাজ শুরুর সময়।’ এর কয়েক ঘণ্টা পরই গতকাল ভোরে অ্যাবট আকাশি-নীল ও বেগুনি রঙের হাফপ্যান্ট এবং হলুদ হেলমেট পরে সঙ্গীদের নিয়ে সিডনির রাস্তায় বাইসাইকেলে ঘুরতে বের হন।
ঘুরতে বেরিয়ে সাংবাদিকদের অ্যাবট বলেন, ‘এটা ছিল এক বিরাট রাত। তবে এখন আরেকটি স্বাভাবিক দিনের কেবল সূচনা হয়েছে। এই সকালেও বেশ কিছু কাজ হতে চলেছে।’
হবু প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণ আশা করে, নির্বাচনের পরের দিনটি থেকেই নতুন সরকার কাজে মনোযোগী হবে এবং এ কারণে আজ আমি সেটাই করতে যাচ্ছি।’ এএফপি।