সাইফ জিনতানে, নানা গুঞ্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলামকে রাজধানী ত্রিপোলিতে না রেখে পার্বত্য শহর জিনতানে আটক রাখায় দেশটির ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে জোরালো গুঞ্জন শুরু হয়েছে।বিশ্লেষকেরা বলছেন, রাজধানীতে না রেখে দূরের জিনতান শহরে সাইফকে আটক রাখায় শাসনব্যবস্থায় কেন্দ্রীয় সরকারের দুর্বলতা ফুটে উঠেছে। স্পষ্ট হয়ে উঠেছে বিভিন্ন জাতিগোষ্ঠীর স্থানীয় বিদ্রোহী যোদ্ধাদের সঙ্গে সরকারের অনৈক্য।গত শনিবার লিবিয়ার অন্তর্বর্তী পরিষদের (এনটিসি) বিচারমন্ত্রী মোহাম্মদ আল আলাগুই সাইফের গ্রেপ্তার হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। সাইফকে জিনতানে আটক রাখার ব্যাপারে অবশ্য সেখানকার মিলিশিয়া পরিষদ নিরাপত্তার কথা বলছে। পরিষদের প্রধান ওসামা আল-জাওয়ালি বলেন, সাইফ এখানেই থাকবেন। কারণ, এটি তাঁর জন্য নিরাপদ স্থান। তিনি আরও বলেন, ‘সাইফের বিচার জিনতানেই করার কথা ভাবছি।’ সাইফকে একসময় গাদ্দাফির উত্তরসূরি ভাবা হতো।গাদ্দাফি মারা যাওয়ার পর এর মধ্যে এক মাস পেরিয়েছে। কিন্তু এখনো দেশটির অন্তর্বর্তী সরকার মন্ত্রিসভা ঘোষণা করতে পারেনি। দেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর অব্যাহত চাপে যেন হিমশিম খাচ্ছেন সাময়িকভাবে দেশ পরিচালনার দায়িত্বে থাকা নেতারা।লিবিয়ায় বিভিন্ন জাতিগোষ্ঠীর সংখ্যা এত বেশি যে তা নির্দিষ্ট করে উল্লেখ করা মুশকিল। তারা প্রত্যেকেই গাদ্দাফিকে উৎখাতের লড়াইয়ে শামিল হয়েছে। কাজেই রাজনৈতিক সুবিধা থেকে কেউ বঞ্চিত হতে ইচ্ছুক নয়।গ্রেপ্তারের পর গাদ্দাফি নিজ শহর সিরতেয় নির্যাতনের শিকার হয়ে নিহত হওয়ার ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে কঠোরভাবে সমালোচিত হয়। দেশে দেশে নিন্দার ঝড় ওঠে। জিনতানের যোদ্ধারা একই ঘটনার পুনরাবৃত্তি চাইছেন না।সাইফকে আটক করা জিনতানের নেতারা বলছেন, ‘এনটিসির নেতাদের নির্দেশে সাইফকে জিনতানে আটক রাখা হয়নি। তাঁর বাবার রক্তাক্ত পরিণতি থেকে রক্ষা করতেই তাঁকে এখানে রেখেছি।’ফরিদ আবু আলী নামের জিনতানের এক যোদ্ধা বলেন, সাইফের নিরাপত্তা নিশ্চিত করতেই বিমানে করে তাঁকে জিনতানে আনা হয়। গ্রেপ্তারের পর ওবারি শহর থেকে সাইফকে রাশিয়ার তৈরি একটি সামরিক বিমানে করে জিনতানে নেওয়া হয়। বিমানের বৈমানিক ছিলেন আবদুল্লাহ মেহদি নামের এক যোদ্ধা। এ বছরের শুরুতে লিবিয়ার বিমানবাহিনী ছেড়ে তিনি বিদ্রোহীদের দলে যোগ দেন। তিনি বলেন, ‘সাইফ আমার কাছে জিনতানে আসার ইচ্ছা প্রকাশ করেন। কারণ, তিনি জানেন যে এ শহরে এসে তিনি ভালো থাকবেন।’মেহদি বলেন, ‘জিনতানের রয়েছে লড়াইয়ের দীর্ঘ ইতিহাস। বন্দীদের সঙ্গে ভালো ব্যবহার করতে আমাদের দাদা ও পূর্বপুরুষেরা বলে গেছেন।’অপর এক যোদ্ধা বলেন, ‘আমরা হচ্ছি নেকড়ের মতো। ঘুরে ঘুরে দেশকে রক্ষা করি আমরা।’সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি লুই মরেনো ওকাম্পো। আগামী সপ্তাহে তাঁর জিনতান সফর করার কথা।তবে ত্রিপোলিভিত্তিক অন্তর্বর্তী সরকার জিনতানের যোদ্ধাদের সঙ্গে কোনো সমঝোতায় না পৌঁছালে সাইফকে ওই শহর থেকে খুব সহজে সরাতে পারবেন বলে আশা করা যায় না। রয়টার্স।