সাইফের অপরাধের ‘শক্ত প্রমাণ’ আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কৌঁসুলি লুইস মোরেনো ওকাম্পো গতকাল রোববার বলেছেন, লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলামের অপরাধের ‘যথেষ্ট প্রমাণ’ তাঁর হাতে আছে। সাইফ সংগঠিতভাবে লিবিয়ার বেসামরিক জনগণের ওপর হামলা চালিয়েছেন এবং এটা করতে বিভিন্ন দেশ থেকে সেনা ভাড়া করেছিলেন।চীনের রাজধানী বেইজিংয়ে শিক্ষাবিষয়ক এক কনফারেন্সে যোগ দিতে গিয়ে বার্তা সংস্থা রয়টার্সকে এসব কথা জানান আইসিসির কৌঁসুলি ওকাম্পো।গত ২০ অক্টোবর লিবিয়ার ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) সেনাদের সঙ্গে লড়াইয়ে নিহত হন গাদ্দাফি ও তাঁর এক ছেলে মুতাসিম। গাদ্দাফির অন্য ছেলে সাইফ আত্মগোপন করতে সক্ষম হন। আত্মগোপনে থেকেই আইসিসির কাছে আত্মসমর্পণ করার কথার জানিয়েছেন তিনি। ওকাম্পো বলেন, সাইফ পরিকল্পিতভাবে বেসামরিক জনগণের ওপর হামলা চালিয়েছেন। বিভিন্ন দেশ থেকে সেনা ও যানবাহন ভাড়া করেছেন। তিনি কীভাবে এসব কাজ করেছেন, তার প্রত্যক্ষদর্শী আমাদের কাছে আছে। আইসিসির এই কৌঁসুলি বলেন, শুধু একজন নয়, সাইফের এই অপকর্মের একাধিক প্রত্যক্ষদর্শী আমাদের কাছে আছে। তিনি বলেন, ‘সাইফের অপরাধের বিষয়ে শক্ত প্রমাণ আমাদের হাতে রয়েছে। তবে অবশ্যই সাইফ এখনো নির্দোষ। তাঁকে দোষী প্রমাণ করতে হলে আমাদের আদালতে যেতে হবে। আদালতের বিচারকই সিদ্ধান্ত দেবেন তিনি অপরাধী কি না।’গত শনিবার আইসিসির পক্ষ থেকে জানানো হয়, সাইফ সম্ভাব্য আত্মসমর্পণের জন্য মধ্যস্থতাকারীদের মাধ্যমে আইসিসির সঙ্গে যোগাযোগ করেন। তবে আইসিসির কাছে এমন তথ্যও আছে, সাইফের ভাড়াটে সেনারা তাঁকে আফ্রিকার অন্য কোনো দেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যেখানে গেলে সাইফ আত্মসমর্পণ বা গ্রেপ্তার এড়াতে সক্ষম হবেন।ওকাম্পো জানান, সাইফ মধ্যস্থতাকারীর মাধ্যমে অনানুষ্ঠানিকভাবে যোগাযোগ করে কিছু প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন। তাঁর প্রশ্ন হলো: তিনি আত্মসমর্পণ করলে লিবিয়ায় এনটিসির হাতে হস্তান্তর করা হবে কি-না, আদালতে দোষী সাব্যস্ত হলে কী হবে ইত্যাদি। ওকাম্পো বলেন, ‘আমরা সাইফের সঙ্গে কোনো ধরনের আলোচনায় যাইনি। তিনি লুকিয়ে থাকবেন, না আইসিসির কাছে আত্মসমর্পণ করবেন নাকি অন্য কোনো দেশে পালিয়ে যাবেন—সিদ্ধান্ত তাঁরই।’ তিনি জানান, সাইফ যদি আদালতে নির্দোষ প্রমাণিত হন, তাহলে তাঁকে জোর করে লিবিয়ায় ফেরত পাঠানো হবে না। ওকাম্পো জানান, কয়েক বছর আগে বার্লিনে তাঁর সঙ্গে সাইফের সাক্ষাৎ হয়েছিল। ওই সময় তিনি দারফুরে সংঘটিত অপরাধের দায়ে সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে গ্রেপ্তারের পক্ষে সমর্থন দিয়েছিলেন। রয়টার্স।