ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সাইবার হামলার ঘটনা তদন্ত করতে সামরিক জোট ন্যাটোর প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। পাশাপাশি দেশটি আশঙ্কা প্রকাশ করে বলেছে, এই হামলা নতুন চেরনোবিল ট্র্যাজেডি সৃষ্টি করতে পারে। তবে ইরান অবশ্য বলছে, বুশেহরে নতুন কোনো ট্র্যাজেডি সৃষ্টির আশঙ্কা নেই।ন্যাটোয় নিযুক্ত রাশিয়ার দূত দিমিত্রি রোগোজিন বলেন, স্টাক্সনেট ভাইরাসের কারণে বুশেহর কেন্দ্রে পরমাণু সমৃদ্ধকরণ প্রক্রিয়া নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ফলে ১৯৮৬ সালে ইউক্রেনের চেরনোবিলের মতো ট্র্যাজেডি তৈরি হতে পারে। ২৮ সদস্যবিশিষ্ট সামরিক জোট ন্যাটোর বৈঠকে গত বুধবার এই আশঙ্কা প্রকাশ করেন রোগোজিন। তবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থায় (আইএইএ) নিযুক্ত ইরানের দূত আলী আসগর সোলতানি গত সপ্তাহে বলেন, স্টাক্সনেট ভাইরাসের আক্রমণ ইরানের পরমাণু কর্মসূচিতে কোনো প্রভাব ফেলতে পারবে না। তিনি বলেন, ‘আমি মনে করি, স্টাক্সনেট ভাইরাস বুশেহর কেন্দ্রে কোনো সমস্যা সৃষ্টি করতে পারবে না। এই কেন্দ্র স্বাভাবিক কাজ চালিয়ে যাবে এবং সেখানে দ্বিতীয় চেরনোবিল ট্র্যাজেডি সৃষ্টির কোনো আশঙ্কা নেই।’গত সপ্তাহে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো ইরানের পরমাণু কর্মসূচিতে ব্যাঘাত সৃষ্টি করতে বুশেহর কেন্দ্রে সাইবার হামলা চালায়। এএফপি।