সাইবার হামলার মার্কিন অভিযোগ নাকচ চীনের
মার্কিন প্রতিষ্ঠানে অত্যাধুনিক পন্থায় সাইবার হামলা চালানোর অভিযোগ উড়িয়ে দিয়েছে বেইজিং। চীনের সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মিকে জড়িয়ে এ-সংক্রান্ত অভিযোগের ওপর প্রকাশিত প্রতিবেদন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল বুধবার নাকচ করে দেয়। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, ওয়েবসাইট হ্যাকিং (সাইবার অ্যাটাক) নিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো সংজ্ঞা নেই।সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইন্টারনেট নিরাপত্তাপ্রতিষ্ঠান ম্যানডিয়্যান্ট মার্কিন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে চীনের সাইবার হামলার ওপর ৭৪ পৃষ্ঠার একটি বিশ্লেষণমূলক প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে হ্যাকিং তৎপরতা নিয়ে বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়। অনেক পশ্চিমা বিশেষজ্ঞই মনে করেন, এসব হ্যাকিংয়ের পেছনে চীনের রাষ্ট্রীয় মদদ রয়েছে।এদিকে চীনের সাংহাইয়ের একটি ১২ তলা ভবনকে দেশটির সামরিক বাহিনীর সাইবার গুপ্তচরবৃত্তির কাজে নিয়োজিত একটি ইউনিটের সদর দপ্তর বলে মার্কিন প্রতিষ্ঠান ম্যানডিয়্যান্ট চিহ্নিত করার পর ভবনটির নিরাপত্তা বাড়ানো হয়েছে। ভবনটির আশপাশে সাময়িকভাবে সাংবাদিকদের প্রবেশের ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেং ইয়ানসেং গতকাল এক বিবৃতিতে বলেন, ম্যানডিয়্যান্টের অভিযোগের ‘কোনো যৌক্তিক ভিত্তি নেই’। ইয়ানসেং আরও বলেন, এ ছাড়া কোন ধরনের তৎপরতা হ্যাকিং বলে গণ্য হবে, সে বিষয়েও আন্তর্জাতিক কোনো মতৈক্য নেই। তিনি বলেন, সাইবার হামলার বিষয়টি প্রকৃতিগতভাবে আন্তদেশীয়, অপ্রকাশিত ও প্রতারণামূলক ঘটনা। আর এ হামলার উৎপত্তিস্থল নির্ধারণ একেবারেই অনিশ্চিত একটি বিষয়। আইপি (ইন্টারনেট প্রোটোকল) ঠিকানা চুরি করে সাইবার হামলা কার্যত প্রতিদিনই ঘটছে।ম্যানডিয়্যান্ট তার প্রতিবেদনে অভিযোগ করে, চীনের হ্যাকিং গ্রুপ ‘এপিটি-ওয়ান’ (অ্যাডভান্সড পারসিসটেন্ট থ্রেট) দেশটির সামরিক বাহিনীর ৬১৩৯৮ ইউনিটের একটি শাখা। এটি যুক্তরাষ্ট্রের কমপক্ষে ২০টি শিল্প গ্রুপের ১৪১টি প্রতিষ্ঠানের অসংখ্য তথ্য চুরি করেছে।প্রতিবেদনের প্রতিক্রিয়ায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড বলেছেন, ‘চীনা কর্মকর্তাদের সঙ্গে প্রতিটি বৈঠকেই এ হামলার ব্যাপারে আমরা উদ্বেগ প্রকাশ করে আসছি।’ এএফপি।