সাইবার হিন্দু: ভারতের রাজনীতিতে নতুন মাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজেপির সাইবার হিন্দু মোড় ঘুরাতে চাইছে আসছে নির্বাচনের। ছবি: ইন্ডিয়া টুডে
বিজেপির সাইবার হিন্দু মোড় ঘুরাতে চাইছে আসছে নির্বাচনের। ছবি: ইন্ডিয়া টুডে

ভারতের আসন্ন নির্বাচনে জয়-পরাজয়ের মূল চালিকাশক্তি হবেন তরুণেরা। ভারতের মোট ভোটারের ৬৫ শতাংশের বয়স ৩৫ বছরের কম। এই তরুণ ভোটারদের মধ্যে প্রায় ১০ শতাংশ ইন্টারনেট ব্যবহার করেন, সংখ্যায় যাঁরা ১১ কোটি ৬০ লাখেরও বেশি। এ অবস্থায় ভারতীয় রাজনীতিতে জনপ্রিয়তা বাড়ানোর জন্য ফেসবুক, টুইটারসহ অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর গুরুত্ব দিন দিন বাড়ছে।
‘ইন্ডিয়ান টুডে’ সাময়িকী বলছে, ২০১৪ সালের নির্বাচনে ভারতজুড়ে ১৬০টি আসনের ভাগ্য নির্ধারণ করবে ইন্টারনেট ব্যবহারকারী তরুণ প্রজন্ম। গুগলের জরিপে দেখা যায়, শহুরে ভোটারদের মধ্যে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৪২ শতাংশ। তাঁদের অনেকে কাকে ভোট দেবেন, সে বিষয়ে এখনো মনস্থির করতে পারেননি।
এই অবস্থায় তরুণদের কাছে টানতে কঠোর পরিশ্রম করে যাচ্ছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) তথ্যপ্রযুক্তি বিভাগ। বিজেপি ও নরেন্দ্র মোদির জনপ্রিয়তা বাড়াতে বিভাগটি গঠন করেছে ‘সাইবার হিন্দু’ নামের ডানপন্থী ইন্টারনেটভিত্তিক সংগঠন। এ সংগঠনটির বেশির ভাগ তথ্য ও বক্তব্য বর্তমান কংগ্রেস সরকার ও সংখ্যালঘুবিরোধী এবং কটূক্তিপূর্ণ। এটি মনে করে, সংখ্যালঘুদের প্রতি কংগ্রেসের সমর্থন ‘কপট ধর্মনিরপেক্ষতা’ ছাড়া আর কিছুই নয়। এ সম্পর্কে সাইবার হিন্দুর সদস্য সুব্রমানিয়াম স্বামী বলেন, ‘কংগ্রেস যদি আমাদের (বিজেপি) বিরুদ্ধে মুসলিমদের সংহত করে, আমাদের উচিত হিন্দুদের ঐক্যবদ্ধ করা এবং মুসলিমদের মধ্যে ভাঙন ধরানো।’
সাইবার হিন্দুর সদস্য তাজেন্দর সিং টুইটারে লিখেছেন, ‘বিজেপি বলেছে প্রধানমন্ত্রী চোর। এজন্য দলটির মাফ চাওয়া উচিত। কোনো চোর কি এক হাজার ৭৬০ কোটি রুপি বা এক হাজার ৮৬০ কোটি রুপি চুরি করতে পারে? আমাদের প্রধানমন্ত্রী বরং ডাকাত।’ এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তারা কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে ‘বিষকন্যা’ নামে পরিচিত করা শুরু করেছে।

সাইবার হিন্দুদের ইন্টারনেট কর্মকাণ্ডে আরও বেশ কিছু বৈশিষ্ট্যও লক্ষ করা যায়। যেমন:

১. ‘গর্বিত’ শব্দটি তাঁরা হিন্দু, দেশপ্রেমিক, জাতীয়তাবাদী ইত্যাদি শব্দের আগে ব্যবহার করে

২. ধর্মনিরপেক্ষতা, লিবারেল ও কংগ্রেস শব্দের শেষে ‘ঘৃণা করুন’ শব্দটি ব্যবহার করে

৩. অখণ্ড ভারত, ভারতীয় ও ব্রাহ্মণ শব্দগুলোর ব্যবহার বেশি থাকে

৪. বিজ্ঞাপনে মোদির প্রতি সমর্থনের পাশাপাশি মুসলমান ও খ্রিষ্টানবিরোধী মন্তব্য থাকে

৫. প্রোফাইল পিকচারে হিন্দু দেব-দেবীর ছবি থাকে

কটূক্তিপূর্ণ বক্তব্য সম্পর্কে বিজেপির তথ্যপ্রযুক্তি শাখার প্রধান অরবিন্দ গুপ্ত বলেন, বিজেপি ও স্বাধীন ইন্টারনেট শাখাটির একাংশ আক্রমণাত্মক ও কটূক্তিপূর্ণ বক্তব্য দিতে রাজি নয়। তাই তাঁরা যেকোনো বিষয়ে সুস্থ বিতর্ককে প্রাধান্য দিতে চান।

এ ধরনের প্রচারণার মাধ্যমে বিজেপি ইতিমধ্যে তরুণদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। গত অক্টোবর মাসে ‘ইন্ডিয়ান টুডে’ মোবাইলের মাধ্যমে প্রতীকী লোকসভা নির্বাচনের আয়োজন করে। ভোটের কারচুপি রোধে প্রত্যেক মোবাইল থেকে পাসওয়ার্ডের মাধ্যমে একটি মাত্র ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়। ৪০ দিন ধরে চলা এই প্রক্রিয়ায় মোট পাঁচ লাখ ৫৬ হাজার ৪৬০ জন ভোট দেন। এর মধ্যে বিজেপি একাই পায় তিন লাখ ৩৮ হাজার ৪০১ ভোট।

কংগ্রেসের মুখপাত্র সঞ্জয় ঝা বিজেপির ইন্টারনেট কার্যক্রম সম্পর্কে বলেন, প্রোপাগান্ডা এভাবেই কাজ করে। গত বছর পর্যন্ত কংগ্রেসের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অবস্থান ছিল নগণ্য। এ কারণে বিজেপি তথ্য ও চিত্র দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে পেরেছে। তবে অপপ্রচার নিষ্ক্রিয়করণ প্রক্রিয়া চলছে। অগ্রগামীদেরকে এই যোগাযোগ মাধ্যমগুলোতে অতি দ্রুত  জবাব দেওয়া যায়।

এখন দেখার বিষয় হলো, কংগ্রেস কীভাবে এই সাইবার-যোদ্ধাদের মোকাবিলা করে।