সাঈদীকে ফাঁসির মঞ্চে নেওয়ার দাবি

বাংলাদেশকে যারা জঙ্গিবাদের উর্বর দেশ হিসেবে পরিণত করেছিল, তাদের শনাক্ত করে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিনরা। মানবতাবিরোধী অপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীকে ফাঁসির মঞ্চে নেওয়ার দাবি জানান তাঁরা।
গতকাল সোমবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
‘ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ কর, জঙ্গিবাদ ও যুদ্ধাপরাধীমুক্ত স্বদেশ প্রতিষ্ঠায় লড়াকু বাংলাদেশ তোমাকে অভিবাদন’—এই ব্যানারে অনুষ্ঠিত ওই মানববন্ধনে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হলে ধর্মভিত্তিক দলগুলো নিষিদ্ধ করার কোনো বিকল্প নেই। জামায়াত এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত হয়ে বাংলাদেশকে বিষিয়ে তুলছে। তাঁরা আরও বলেন, বাংলাদেশের প্রতিষ্ঠিত যুদ্ধাপরাধীদের ফাঁসি হলেও এখনো তাঁদের কিছু দোসর রয়ে গেছে। তাঁদেরও বিচারের আওতায় আনতে হবে।
মানববন্ধনে নেতৃত্ব দেন সীতাংশু গুহ, মুজাহিদ আনসারী, আবদুর রহিম বাদশা, গোপাল স্যানাল প্রমুখ।