সাউথ ক্যারোলাইনায় পাঁচ হাজার টিভি বিজ্ঞাপন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন প্রত্যাশীদের প্রাথমিক বাছাইয়ের লড়াই দিন দিন জমে উঠছে। সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে প্রাথমিক বাছাইকে সামনে রেখে পাঁচ হাজারের বেশি টিভি বিজ্ঞাপন বানিয়েছেন রিপাবলিকান মনোনয়নপ্রত্যাশীরা।সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের প্রাথমিক বাছাইয়ের এখনো কয়েক দিন বাকি আছে। তবে বসে নেই মনোনয়নপ্রত্যাশী ও তাঁদের সমর্থকেরা। সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে শুধু কলম্বিয়া টিভির দর্শকেরাই গত শনিবার গড়ে ৬৫ বার রাজনৈতিক বিজ্ঞাপন দেখেছেন। এর আগে হ্যাম্পশায়ারে রিপাবলিকান পার্টির বিভিন্ন প্রার্থী ও তাঁদের সমর্থকেরা প্রায় দুই হাজার ৮০০ বিজ্ঞাপন বানিয়েছিলেন।সব মিলিয়ে বিজ্ঞাপন বাবদ খরচ করা হয়েছে এক কোটি ৩০ লাখ মার্কিন ডলার। প্রচারযুদ্ধে এ পর্যন্ত এটিই সর্বোচ্চ ব্যয়।ব্যয়ের দিক থেকে সবাইকে ছাড়িয়ে গেছেন মিট রমনি। তিনি খরচ করেছেন ৩৪ লাখ ডলার। দ্বিতীয় স্থানে আছেন রিক পেরি। তিনি খরচ করেছেন ২৫ লাখ ডলার। নিউট গিনরিচের ব্যয় ১৯ লাখ ডলার।টিভি বিজ্ঞাপনের কোনোটিতে রমনিকে দেখানো হয়েছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকারী হিসেবে। আবার বিরোধীদের বিজ্ঞাপনে তাঁকে দেখানো হয়েছে বাণিজ্যিক কোনো সংস্থার হূদয়হীন ব্যক্তি হিসেবে—যিনি কর্মীদের চাকরি থেকে বরখাস্ত করার ক্ষেত্রে সিদ্ধহস্ত। একটি বিজ্ঞাপনে গিনরিচকে দেখানো হয়েছে রোনাল্ড রিগ্যানের যোগ্য উত্তরসূরি হিসেবে। বিরোধীদের বিজ্ঞাপনে তাঁকে দেখা গেছে ওয়াশিংটনের দুর্নীতিগ্রস্ত লোক হিসেবে। ডেট্রয়েট ফ্রি প্রেস।