আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য রিপাবলিকান দলের প্রার্থী বাছাই-প্রক্রিয়া নতুন মোড় নিয়েছে। সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে শনিবার অনুষ্ঠিত প্রাইমারি বা প্রাথমিক বাছাই ভোটে হোঁচট খেয়েছেন প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে থাকা বলে বিবেচিত মিট রমনি। সেখানে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন নিউট গিংরিচ। এ ফল ইঙ্গিত দিচ্ছে, রিপাবলিকান দলের প্রার্থিতার লড়াইটি দীর্ঘ ও তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক হবে।সাউথ ক্যারোলাইনা প্রাইমারির চূড়ান্ত ফলে দেখা গেছে, নিউট গিংরিচ পেয়েছেন ৪০ দশমিক ৪ শতাংশ ভোট। মিট রমনি পেয়েছেন মাত্র ২৭ দশমিক ৯ শতাংশ। এ ছাড়া প্রথম বাছাই আইওয়া অঙ্গরাজ্যের ককাসে বিজয়ী হয়ে চমক জাগানো পেনসিলভানিয়ার সিনেটর রিক স্যান্টোরাম ১৭ শতাংশ এবং টেক্সাসের কংগ্রেস সদস্য রন পল ১৩ শতাংশ ভোট পেয়েছেন। প্রার্থিতার দৌড় থেকে নিজের নাম প্রত্যাহার করে নেওয়া ব্যবসায়ী হারম্যান কেইন পেয়েছেন ১ দশমিক ১ শতাংশ ভোট। অন্য প্রার্থীদের ঝুলিতে গেছে শূন্য দশমিক ৭ শতাংশ।এক সপ্তাহ আগেও জনমত জরিপে অনেকখানি পিছিয়ে ছিলেন সাবেক স্পিকার নিউট গিংরিচ। তাঁর প্রতি সমর্থন জানিয়ে গত বৃহস্পতিবার প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান টেক্সাস অঙ্গরাজ্যের গভর্নর রিক পেরি। প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলের এই অঙ্গরাজ্যটির প্রাইমারি বেশ গুরুত্বপূর্ণ। ১৯৮০ সাল থেকে সব প্রেসিডেন্ট নির্বাচনেই সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের প্রাইমারিতে জয়লাভকারীই বছর শেষে দলের চূড়ান্ত প্রেসিডেন্ট প্রার্থী হতে পেরেছেন। বিজয়ী ভাষণে ওবামাকে তুলাধোনা: সাউথ ক্যারোলাইনায় সাফল্যের পর দেওয়া প্রথম ভাষণে প্রতিপক্ষ ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট বারাক ওবামাকে তুলাধোনা করেছেন নিউট গিংরিচ। ওবামার বিরুদ্ধে তাঁর প্রথম মেয়াদে ‘মৌলবাদ’ ও ‘সর্বনাশা’ কর্মকাণ্ডের অভিযোগ তোলেন তিনি। রাজ্যের রাজধানী কলাম্বিয়াতে হাজারো সমর্থকের উদ্দেশে গিংরিচ বলেন, এই নির্বাচনী প্রচারণার কেন্দ্রীয় বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রের বিশিষ্টতার তত্ত্ব বনাম সল আলিনস্কির মৌলবাদ। সল আলিনস্কি যুক্তরাষ্ট্রের এক ইহুদিবাদী সংগঠক ও লেখক। মনে করা হয়, প্রেসিডেন্ট ওবামার ওপর তাঁর ব্যাপক প্রভাব রয়েছে। গিংরিচ বলেন, ‘এই দুর্যোগের পরও যদি বারাক ওবামা পুনর্নির্বাচিত হন, তাহলে চিন্তা করে দেখুন, দ্বিতীয় মেয়াদে তিনি কতটা মৌলবাদী হবেন।’ এ সময় হাজারো সমর্থক সমস্বরে আওয়াজ তোলেন, ‘নিউট বিজয় হতে পারবেন। নিউট বিজয়ী হতে পারবেন।’যুক্তরাষ্ট্রের ইতিহাসে ‘ফুড স্ট্যাম্প’ প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামার নাম চিহ্নিত হয়ে থাকবে বলে মন্তব্য করেন গিংরিচ। তিনি বলেন, ‘আমেরিকার জনগণ যদি তাদের সন্তানদের ফুড স্ট্যাম্পের (সরকারি খাদ্য সাহায্য) ওপর নির্ভরশীল দেখতে না চায়, তাহলে বারাক ওবামাকে বিদায় করতে হবে।’এদিকে নিউট গিংরিচকে অভিনন্দন জানিয়ে মিট রমনি বলেছেন, প্রতিযোগিতা ক্রমশ চাঞ্চল্যকর হয়ে উঠছে। নির্বাচনী প্রচারণা আরও জোরদার করার প্রত্যয় ঘোষণা করেন মিট রমনি। শেষ পর্যন্ত তিনিই রিপাবলিকান দলের চূড়ান্ত টিকিট পাবেন—এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘আগামী নভেম্বরে আমরা অবশ্যই প্রেসিডেন্ট বারাক ওবামাকে হারাতে সক্ষম হব।’ রক্ষণশীল রিপাবলিকানদের সমর্থন: সাউথ ক্যারোলাইনায় গিংরিচের বিজয়ের পর বিশ্লেষকেরা বলছেন, রিপাবলিকানদের রক্ষণশীল শিবির হঠাৎ করেই গিংরিচের দিকে ঝুঁকে পড়ছে। স্পিকার থাকা অবস্থায় পরকীয়া সম্পর্ক, বিবাহবিচ্ছেদ, অধস্তন কর্মীকে বিয়ে করাসহ নানা কেলেঙ্কারির ধাক্কা ক্রমেই সামলে উঠতে সক্ষম হয়েছেন তিনি। টি-পার্টি ও কট্টর খ্রিষ্টানদের সমর্থনের পাল্লাও তাঁর দিকে ক্রমশ ভারী হচ্ছে। অপরদিকে সাবেক ম্যাসাচুসেটস গভর্নর মিট রমনি ব্যক্তিগত অর্থবিত্তের হিসাব নিয়ে চাপের মুখে পড়েছেন। কট্টর রিপাবলিকদের মতে, মিট রমনি যথেষ্ট রক্ষণশীল নন। তারা বলছে, অভিবাসন, স্বাস্থ্যবিমা, সমলিঙ্গ বিয়ের মতো ইস্যু নিয়ে মিট রমনির অবস্থান যথেষ্ট স্বচ্ছ নয়। প্রচারণার ঢেউ ফ্লোরিডামুখী: ফ্লোরিডা অঙ্গরাজ্য রিপাবলিকান প্রার্থীদের পরবর্তী যুদ্ধক্ষেত্র। গুরুত্বপূর্ণ এ অঙ্গরাজ্যে ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে বাছাই পর্ব। সাউথ ক্যারোলাইনা থেকে সব রিপাবলিকান প্রচারণার ঢেউ এখন তাই ফ্লোরিডামুখী। নির্বাচনী তহবিল ও সাংগঠনিক কাঠামোর দিক থেকে শক্তিশালী মিট রমনি এক সপ্তাহ আগে থেকেই ফ্লোরিডায় আগাম প্রচারণা শুরু করেছেন বলে জানা গেছে।