সাউদার্নউইকলির সাংবাদিকেরা কাজে যোগ দিয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের গুয়াংঝু থেকে প্রকাশিত সাউদার্ন উইকলি পত্রিকার সাংবাদিকেরা সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার পরিপ্রেক্ষিতে কাজে যোগ দিয়েছেন। পত্রিকাটির একজন জ্যেষ্ঠ সাংবাদিক নাম প্রকাশ না করার শর্তে জানান, পত্রিকাটির নিয়মিত সংখ্যা আজ বৃহস্পতিবার প্রকাশিত হবে।সাংবাদিকদের বিক্ষোভ নিয়ন্ত্রণের বিষয়টি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির (সিপিসি) নতুন নেতৃত্বের জন্য একটি বড় পরীক্ষা হিসেবে বিবেচিত হয়।সাউদার্ন উইকলির সম্পাদকদের একজনের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, কর্তৃপক্ষের সঙ্গে সাংবাদিকদের আপাতত মৌখিক সমঝোতা হয়েছে। ফলে বিক্ষোভে অংশগ্রহণকারী সাংবাদিকদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না এবং সরকারি প্রচার বিভাগ কোনো সংবাদ প্রকাশের ব্যাপারে সরাসরি হস্তক্ষেপ থেকে বিরত থাকবে। ভবিষ্যতে উভয় পক্ষ কী রকম প্রতিক্রিয়া দেখায়, সেটিই এখন দেখার বিষয়।জনপ্রিয় উদারপন্থী সাপ্তাহিক সাউদার্ন উইকলির সাংবাদিকেরা স্বাধীনভাবে কাজ করার দাবিতে গত সোমবার থেকে বিক্ষোভ শুরু করলে পত্রিকাটির গুয়াংঝুর কার্যালয়ে অচলাবস্থা দেখা দেয়। সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, গুয়াংদং প্রদেশ শাখা কমিউনিস্ট পার্টির প্রভাবশালী নেতা হু চুনহুয়ার মধ্যস্থতায় বিক্ষোভ পরিস্থিতি স্বাভাবিক হয়। সাংবাদিকেরা সরকারি প্রচার বিভাগের প্রধানের পদত্যাগ দাবি করেছিলেন। পত্রিকাটির নববর্ষ সংখ্যায় শুভেচ্ছাবার্তা পরিবর্তন করে সরকারি কর্তৃপক্ষ অপর একটি সংবাদ প্রকাশ করেছিল। এতে ক্ষুব্ধ সাংবাদিকেরা বিক্ষোভ শুরু করেন। দেশটিতে সংবাদমাধ্যমের কর্মী ও সরকারের প্রকাশ্য বিরোধের ঘটনা বিরল। চীনে সংবাদমাধ্যমের ওপর সরকারের কঠোর নিয়ন্ত্রণ রয়েছে। সংবাদ প্রকাশের অলিখিত নীতিমালা রয়েছে। কোনো কোনো সময় সরকারি প্রচার বিভাগ থেকে ফোন করেও সংবাদ প্রকাশের জন্য দিকনির্দেশনা দেওয়া হয় দেশটিতে। তার পরও সাউদার্ন উইকলির সাংবাদিকেরা যে বিক্ষোভ করেছেন, তা দেশটিতে সংবাদপত্রের স্বাধীনতার পথকে কিছুটা হলেও সুগম করবে।এএফপি ও বিবিসি।