সাকাশভিলির ভাগ্য নির্ধারণে জর্জিয়ায় ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জর্জিয়ায় গতকাল সোমবার ভোট গ্রহণ হয়েছে। এই নির্বাচনকে ২০০৩ সালে ক্ষমতা গ্রহণের পর দেশটির প্রেসিডেন্ট মিখাইল সাকাশভিলির জন্য বড় ধরনের পরীক্ষা বলে মনে করা হচ্ছে। কারণ, এ নির্বাচনেই নির্ধারিত হবে প্রেসিডেন্ট হিসেবে সাকাশভিলি তাঁর মেয়াদ পূর্ণ করতে পারবেন, না তার আগেই তাঁকে সরে যেতে হবে। সম্প্রতি জর্জিয়ার কারাগারে এক বন্দী নির্যাতনের ঘটনায় দেশটির বর্তমান সরকার ভাবমূর্তি সংকটে পড়ে। ওই নির্যাতনের ভিডিওচিত্র ছড়িয়ে পড়লে রাস্তায় রাস্তায় বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ থেকে দেশটির সবচেয়ে ধনী ব্যক্তি বিদজিনা ইভানিশভিলির নেতৃত্বাধীন জোট জর্জিয়ান ড্রিমকে দেশের দায়িত্ব গ্রহণের আহ্বান জানানো হতে থাকে। এ অবস্থায় মধ্যবর্তী নির্বাচন দিতে বাধ্য হয় সরকার।নির্বাচনে প্রেসিডেন্ট সাকাশভিলির বিরুদ্ধে ইভানিশভিলি দেশ পরিচালনায় অগণতান্ত্রিক পন্থা অবলম্বন ও জনগণের অধিকার পদদলিত করার অভিযোগ তোলেন। এদিকে সাকাশভিলি অভিযোগ করেন, তাঁর প্রতিদ্বন্দ্বী আবারও জর্জিয়ায় রুশ প্রভাব বিস্তারের সুযোগ খুঁজছেন।জর্জিয়া একসময় সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের অঙ্গরাজ্য ছিল। আর প্রেসিডেন্ট সাকাশভিলি ঘোর রুশবিরোধী। তাঁর নেতৃত্বে জর্জিয়া ২০০৮ সালে রাশিয়ার সঙ্গে ছোটখাটো একটি যুদ্ধেও জড়িয়ে পড়ে। তিনি এই নির্বাচনকে দেশটি ভবিষ্যতে তাঁর উদারপন্থী পশ্চিমানীতি অনুসরণ করবে, না রাশিয়ার প্রভাব বলয়ে থাকবে, তা নির্ধারণের একটি পদক্ষেপ হিসেবে বিবেচনা করছেন। গত রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট বলেন, ‘আমি নিশ্চিত, আমাদের স্বাধীনচেতা জনগণ নির্বাচনে অতীতের দখলদারের কবল থেকে মুক্তির পক্ষে ভোট দেবে।’আগামী বছরের শেষ নাগাদ প্রেসিডেন্ট সাকাশভিলির ক্ষমতার মেয়াদ শেষ হবে। দেশটির সংবিধান অনুযায়ী, তিনি আর প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। কিন্তু নির্বাচনে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে তাঁর দল ইউনাইটেড ন্যাশনাল মুভমেন্ট হয়তো তাঁকে পূর্ণ মেয়াদ ক্ষমতায় থাকার সুযোগ দেবে। বিবিসি।