সাকিনাহর মুক্তির খবর নাকচ করেছে ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া নারী সাকিনাহ মোহাম্মদি আশতিয়ানিকে মুক্তি দেওয়ার খবর নাকচ করে দিয়েছে দেশটির টেলিভিশন চ্যানেল প্রেস টিভি। একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক রাখার দায়ে ইরানের একটি আদালত তাঁকে পাথর ছুড়ে হত্যা করার দণ্ডাদেশ দেন। এ ছাড়া স্বামীকে হত্যার দায়ে সাকিনাহকে ১০ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।সাকিনাহর জার্মানভিত্তিক এক সমর্থক গোষ্ঠী গত বৃহস্পতিবার জানায়, ইরানি কর্তৃপক্ষ সাকিনাহ আশতিয়ানি, তাঁর ছেলে ও আইনজীবীকে মুক্তি দিয়েছে। এ-সংক্রান্ত ছবিও গণমাধ্যমে দেখানো হয়েছে।তবে ইরানের প্রেস টিভি আশতিয়ানিকে মুক্তির খবর নাকচ করে দিয়েছে। প্রেস টিভির ওয়েবসাইটে বলা হয়, ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের নিজ বাড়িতে আশতিয়ানির ভিডিওচিত্র ধারণ করা হয়েছে। ভিডিওচিত্রে তাঁর স্বামীর হত্যাসংক্রান্ত বিভিন্ন বিষয় উঠে এসেছে। শুক্রবার রাতে ওই ভিডিওচিত্র সম্প্রচার করা হবে। ওয়েবসাইটে আরও বলা হয়, আশতিয়ানিকে তাঁর ছেলেসহ তাবরিজ শহরের কারাগারে রাখা হয়েছে। জার্মানির দুই সাংবাদিক এবং আশতিয়ানির ছেলে ও আইনজীবীকে গত অক্টোবরে গ্রেপ্তার করা হয়।২০০৬ সালে তাবরিজের পৃথক আদালতে আশতিয়ানির বিচার করা হয়। এতে স্বামীকে হত্যার দায়ে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এএফপি, এপি অনলাইন।