সাকিনাহর মৃত্যুদণ্ড কার্যকর হয়নি
ইরানের নাগরিক সাকিনাহ্ মোহাম্মদি আশতিয়ানিকে পাথর ছুড়ে হত্যা করার রায় গতকাল বুধবার কার্যকর করা হয়নি। তবে যেকোনো সময় তা কার্যকর করা হতে পারে। ইরানের নির্বাসিত মানবাধিকারকর্মী মিনা আহাদি গতকাল এ কথা জানান।জার্মানি থেকে মিনা আহাদি বার্তা সংস্থা এএফপিকে টেলিফোনে জানান, বুধবার সকালে রায় কার্যকরের কথা থাকলেও তা করা হয়নি। তবে সাকিনাহ্ এখনো বিপদমুক্ত নন। যেকোনো সময় তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হতে পারে। তিনি বলেন, ব্রিটেন, ফ্রান্স, ইতালিসহ বেশ কয়েকটি দেশ এ ব্যাপারে ইরান সরকারের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে। এটি পরিষ্কার যে বিষয়টি ইরানের ওপর কিছুটা হলেও প্রভাব ফেলেছে।গত মঙ্গলবার মিনাসহ ফ্রান্সের মানবাধিকারকর্মীরা আশঙ্কা প্রকাশ করেন, বুধবার সকালে সাকিনাহেক পাথর ছুড়ে হত্যা করা হতে পারে। এ-সংক্রান্ত তথ্য তাঁরা তিন দিন আগে পেয়েছেন।২০০৬ সালে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের শহর তাবরিজের পৃথক আদালতে সাকিনাহর বিচার হয়। এতে স্বামীকে হত্যার দায়ে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ২০০৭ সালে তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে শাস্তি কমিয়ে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক রাখার দায়ে তাঁকে পাথর ছুড়ে হত্যার রায় দেন আদালত। এএফপি