সাক্ষাৎকারের জন্য মোশাররফকে মদ ও চুরুট ঘুষ!
ছোট একটি সাক্ষাৎকার দেওয়ার জন্য এক বোতল মদ ও হাভানা চুরুট ঘুষ নিয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে নিয়ে তৈরি একটি প্রামাণ্যচিত্রের জন্য তাঁর ওই সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। প্রামাণ্যচিত্রটির পরিচালক ও প্রযোজক এ দাবি করেছেন।পরিচালক ডুয়ান বঘম্যান এবং প্রযোজক মার্ক শিগেল একটি নিবন্ধে লিখেছেন, যুক্তরাষ্ট্র সফরকালে ফিলাডেলফিয়ার একটি হোটেলে অবস্থানকালে মোশাররফের ওই সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। এ জন্য হোটেল কক্ষে তাঁর জন্য এক বোতল সিভাস রিগ্যাল ও কিছু হাভানা চুরুট পাঠানো হয়।বঘম্যান ও শিগেল লিখেছেন, ‘অনেক তোষামদের পর আমরা মোশাররফের সাক্ষাৎকার নিতে পেরেছিলাম। ওই সুযোগে আমরা তাঁকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলাম। কিন্তু ওই প্রামাণ্যচিত্রে মোশাররফের উপস্থিতির কারণে তাঁর ছেলে বিলাল ক্ষুব্ধ হন। বিলাল অভিযোগ করেন, এতে করে তাঁর বাবার মর্যাদাহানি হয়েছে।’এদিকে, বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের সময় দায়িত্বে অবহেলার অভিযোগে পাকিস্তানে গতকাল দুই শীর্ষ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন রাওয়ালপিন্ডির তৎকালীন পুলিশপ্রধান সৌদ আজিজ এবং জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা খুররম শাহজাদ।২০০৭ সালের ২৭ ডিসেম্বর নির্বাচনী প্রচারণার সময় রাওয়ালপিন্ডি শহরে একটি সমাবেশে আত্মঘাতী হামলায় নিহত হন বেনজির ভুট্টো। এএফপি।