সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলের শতবর্ষে পদার্পণের অনুষ্ঠানমালা শুরু
নারীশিক্ষা আন্দোলনের পথিকৃত্ বেগম রোকেয়ার হাতে গড়া সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলের শতবর্ষে পদার্পণের অনুষ্ঠানমালা গত মঙ্গলবার শুরু হয়েছে। এসব অনুষ্ঠান চলবে এক বছর ধরে।মঙ্গলবার সকালে প্রথমে প্রভাতফেরির মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। শত প্রদীপ জ্বালিয়ে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলের শতবর্ষে পদার্পণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর পরিবেশিত হয় ভরতনাট্যম নৃত্য, আগুনের পরশমণি শীর্ষক সংগীতানুষ্ঠান।বিকেলে কলকাতার বিজ্ঞান নগরের মিলনায়তনে বছরব্যাপী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পূর্তমন্ত্রী ক্ষিতি গোস্বামী, শিক্ষামন্ত্রী পার্থ দে, সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী আবদুস সাত্তার প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত করা হয় স্কুলের প্রাক্তন ছাত্রীদের, প্রকাশ করা হয় স্মারকগ্রন্থ। এরপর মঞ্চস্থ হয় উর্দু নাটক কেয়ামত কে রং। ইংরেজি নাটক দে ডেয়ারড। বাংলা নৃত্যনাট্য রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাঙ্গদা। অনুষ্ঠানে বেগম রোকেয়াকে নিয়ে রোকেয়ার স্বপ্নের অঙ্গন নামের একটি তথ্যচিত্রেরও উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে লন্ডনের রোজ ব্রাফোর্ড কলেজ অব থিয়েটার অ্যান্ড পারফরম্যান্সের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলও অংশ নেয়।