সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাইস্কুলের শতবর্ষে পদার্পণ
আজ মঙ্গলবার ১৬ মার্চ বেগম রোকেয়ার হাতেগড়া সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাইস্কুল শতবর্ষে পা দিচ্ছে। ১৯১১ সালের ১৬ মার্চে আটজন ছাত্রী নিয়ে কলকাতার ১৩ নম্বর ওয়ালিউল্লাহ লেনের একটি ভাড়াবাড়িতে বেগম রোকেয়া প্রথম শুরু করেছিলেন এ স্কুলের কার্যক্রম। তার পর তিনবার বাড়ি বদলে শেষ পর্যন্ত কলকাতার ১৭ লর্ড সিনহা রোডে পাকাপাকিভাবে গড়ে ওঠে এ বিদ্যালয়। বর্তমানে স্কুলের ছাত্রীসংখ্যা এক হাজার ৪০০। শিক্ষিকার সংখ্যা ৫৮ জন। বিদ্যালয় চলে দুই শিফটে—শিশু শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। এখানে এখনো বাংলা, ইংরেজি ও উর্দু মাধ্যমে পাঠদান করা হয় । স্কুলের শতবর্ষের অনুষ্ঠানমালা শুরু আজ থেকে। চলবে ২০১১ সালের মার্চ মাস পর্যন্ত। আর শতবর্ষের এ উত্সবকে ঘিরে সেজেছে গোটা বিদ্যালয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাপিয়া সিংহ মহাপাত্র প্রথম আলোকে বলেছেন, শতবর্ষের এ অনুষ্ঠান উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আসছেন এ বিদ্যালয় থেকে পাস করা দেশ-বিদেশের কৃতী ছাত্রীরা। লন্ডনের রোজ ব্রাফোর্ড কলেজ অব থিয়েটার অ্যান্ড পারফরমেন্সের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলও আসছে। আসছে বাংলাদেশের প্রতিনিধিদলও। আজ মূল অনুষ্ঠান হবে কলকাতার বিজ্ঞান নগরের মিলনায়তনে। এখানেই চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। আবৃত্তি, সংগীত, নৃত্যর পাশাপাশি মঞ্চস্থ হবে উর্দু এবং ইংরেজি নাটক। সে সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য চিত্রাঙ্গদা।