সাখারভ পুরস্কারের জন্য স্নোডেনকে মনোনয়ন
ইউরোপের পার্লামেন্টের সম্মানজনক পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন ইন্টারনেটে যুক্তরাষ্ট্রের নজরদারির গোপন নথি ফাঁসকারী সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন। ইউরোপের পার্লামেন্টের সম্মানজনক মানবাধিকার-বিষয়ক সাখারভ পুরস্কারের জন্য তাঁকে গতকাল বুধবার মনোনয়ন দেন পার্লামেন্টের গ্রিন গ্রুপ ও বামপন্থী আইনপ্রণেতা নেতারা।
ইউরোপের পার্লামেন্টের গ্রিন গ্রুপের নেতা ড্যানিয়েল কোহেন-বেনডিট ও রেবেকা হার্মস এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের গোয়েন্দা সংস্থা মানুষের নাগরিক মৌলিক অধিকারে হস্তক্ষেপ করার বিষয়টি বিশ্ববাসীকে জানিয়ে দেওয়ার কারণে স্নোডেন এই পুরস্কারের উপযুক্ত। সাধারণ মানুষের অধিকার রক্ষা করতে গিয়ে তিনি নিজেকে ঝুঁকির মুখে ফেলেছেন।
ইউরোপিয়ান ইউনাইটেড লেফট/নরডিক লেফট গ্রুপও ২০১৩ সালের সাখারভ পুরস্কারের জন্য স্নোডেনকে মনোনয়ন দিয়েছে। ওই গ্রুপ জানিয়েছে, অপরাধের কথা জানিয়ে দেওয়ার জন্য কেউ অপরাধী হতে পারে না।
অক্টোবরে সাখারভ পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে। পুরস্কার বিজয়ীকে দেওয়া হবে ৬৫ হাজার মার্কিন ডলার।
গত বছর এই পুরস্কার পেয়েছেন ইরানের বন্দী আইনজীবী নাসরিন সোতৌদেহ ও চলচ্চিত্রকার জাফর পানাহি। এর আগে দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিক নেতা নেলসন ম্যান্ডেলা ও জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান এ পুরস্কার পান। এএফপি।