সাগরতলে অনুসন্ধান বাড়ানো হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার নিখোঁজ উড়োজাহাজটি অনুসন্ধানে ভারত মহাসাগরের তলদেশে তল্লাশি এলাকা বাড়ানো হতে পারে। বিমান অনুসন্ধান কার্যক্রম সমন্বয়কারী অস্ট্রেলিয়ার একটি সংস্থা গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে।
উড়োজাহাজটির ফ্লাইট রেকর্ডার থেকে ৮ এপ্রিল সর্বশেষ সম্ভাব্য যে সংকেত পাওয়া যায়, তার ভিত্তিতে সাগরের তলদেশে অনুসন্ধান শুরু করে মার্কিন নৌবাহিনীর ডুবোজাহাজ ব্লুফিন-২১। এটি সাগরের ১৩ হাজার ফুট গভীর তলদেশ পর্যন্ত তল্লাশি চালাতে সক্ষম।
অনুসন্ধান কার্যক্রম সমন্বয়কারী সংস্থা জয়েন্ট এজেন্সি কো-অর্ডিনেশন সেন্টার (জেএসিসি) গতকাল এক বিবৃতিতে জানায়, ‘ব্লুফিন-২১ নির্দিষ্ট অনুসন্ধান এলাকার প্রায় ৯৫ শতাংশ জায়গায় তল্লাশি অভিযান শেষ করেছে। কিন্তু উড়োজাহাজটির কোনো আলামত পায়নি। বাকি ৫ শতাংশে অভিযান চালানোর পরও আলামত পাওয়া না গেলে আশপাশের এলাকায় তল্লাশি শুরু করা হতে পারে। আগের নির্দিষ্ট এলাকাসংলগ্ন এলাকায় ১০ কিলোমিটার ব্যাসার্ধ ধরে এই অভিযান পরিচালনা করা হবে।’
এদিকে নিখোঁজ উড়োজাহাজটির বিষয়ে চলতি সপ্তাহেই একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে পারে মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক গত বৃহস্পতিবার ওই তদন্ত প্রতিবেদন প্রকাশের আভাস দেন।
মালয়েশিয়া এয়ারলাইনসের উড়োজাহাজটি ২৩৯ জন আরোহী নিয়ে গত ৮ মার্চ নিখোঁজ হয়। বিবিসি।