সাগরতলে উড়োজাহাজ খুঁজতে গিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেদনাদায়ক ঘটনার ইতিবাচক দিক খুঁজে দেখার চেষ্টা করা কঠিন। এ রকম দুর্ঘটনার রহস্য উদ্‌ঘাটনের জন্য বিপুল উদ্যম ও পরিশ্রমের প্রয়োজন হয়। তবে নিরলস প্রচেষ্টার পরিণামে নতুন কিছু অবশ্যই মেলে। যেমন: যুক্তরাষ্ট্রে নাইন-ইলেভেন সন্ত্রাসী হামলায় নিহত লোকজনের পরিচয় শনাক্ত করতে গিয়ে নতুন জেনেটিক ফরেনসিক কৌশল বেরিয়েছে। আরেকটি উদাহরণ, হারানো উড়োজাহাজ খুঁজতে গিয়ে বিজ্ঞানীদের কিছু প্রাপ্তি ঘটেছে।
এমএইচ ৩৭০ নামের ফ্লাইটের নাম বিশ্ববাসী জেনেছে তিন বছরের বেশি আগে। কুয়ালালামপুর থেকে ২৩৯ জন আরোহী নিয়ে ২০১৪ সালের ৮ মার্চ বেইজিংয়ের পথে রওনা হওয়ার কিছুক্ষণ পরই মালয়েশিয়া এয়ারলাইনসের উড়োজাহাজটি নিখোঁজ হয়। সেই থেকে গত ১৭ জানুয়ারি অবধি বিস্তর খোঁজাখুঁজি করেও বিমানটির হদিস মেলেনি।
এত বড় একটা আকাশযান কোথায় কীভাবে হারিয়ে গেল?
এই প্রশ্ন আজও এক বড় রহস্য হয়ে আছে। বিমানটির আরোহীদের জীবিত ফিরে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ হতে হতে প্রায় ফুরিয়েছে বলা চলে। তবে হারানো উড়োজাহাজের ধ্বংসাবশেষ খুঁজতে গিয়ে সাগরতলে ডুবুরিরা নতুন অনেক কিছু পেয়েছেন, যেগুলো আগে একেবারেই অজানা ছিল। কী সেসব? তলিয়ে যাওয়া আগ্নেয়গিরি, গভীর উপত্যকা ও সুউচ্চ ঢাল ইত্যাদি। অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ এসবের বিস্তারিত মানচিত্র প্রকাশ করেছে। ডুবোজাহাজের সাহায্যে সংগৃহীত আরও তথ্য-উপাত্ত তারা আগামী বছরের মাঝামাঝি প্রকাশ করবে বলে জানিয়েছে।
সন্ধান না মিললেও ফ্লাইট এমএইচ ৩৭০ ভারত মহাসাগরের দক্ষিণ অংশে ডুবে যায় বলে বিশেষজ্ঞরা মনে করেন। এটির খোঁজে তল্লাশি অভিযানে যে পরিমাণ খরচ হয়েছে, তা নজিরবিহীন। অবশ্য বিজ্ঞানীরা আশাবাদী, এই কাজের পরিণামে সাগরতলের যে বিশদ মানচিত্র মিলেছে, সেটা বিভিন্ন মহাসাগরের প্রকৃতি সম্পর্কে গবেষণার নতুন দিগন্ত খুলে দেবে।
জিওসায়েন্স অস্ট্রেলিয়ার পরিবেশ ভূবিজ্ঞান শাখার প্রধান স্টুয়ার্ট মিনকিন গত বুধবার এএফপিকে বলেছেন, এমএইচ ৩৭০ খুঁজতে গিয়ে তাঁরা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিবিড় তল্লাশি চালিয়েছেন। বিশ্বের মহাসাগরগুলোর মাত্র ১০ থেকে ১৫ শতাংশ এলাকায় এ রকম উন্নত মানের অনুসন্ধান হয়েছে। ফলে ভারত মহাসাগরের একটি দুর্গম অংশের পুঙ্খানুপুঙ্খ চিত্র তাঁদের হাতে এসেছে। এসব তথ্য-উপাত্ত দুটি কারণে অনন্য। প্রথমত, ভারত মহাসাগরের দুর্গম এলাকা এই অনুসন্ধানের আওতাভুক্ত হয়েছে। দ্বিতীয়ত, বিস্তীর্ণ এলাকাজুড়ে অনুসন্ধান চালানো হয়েছে। মিনকিন আরও বলেন, প্রাপ্ত মানচিত্রগুলো ভবিষ্যৎ বৈজ্ঞানিক গবেষণায় সহায়ক হবে।
অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও চীন গত জানুয়ারিতে গভীর সাগরে ফ্লাইট এমএইচ ৩৭০ অনুসন্ধানের কাজ স্থগিত রাখে। বোয়িং ৭৭৭ বিমানটির খোঁজে স্যাটেলাইটের ছবির সহায়তা নিয়ে অনুসন্ধানকারীরা ধারণা করছেন, উড়াল দেওয়ার পর এটি গতিপথ পাল্টেছিল। সেই সূত্র ধরে ১ লাখ ২০ হাজার বর্গকিলোমিটারজুড়ে তল্লাশি চালানো হয়। এ সময় দুটি জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পেলেও ডুবুরিরা উড়োজাহাজটির কোনো চিহ্ন পাননি।
তবে অনুসন্ধানকারীরা ভারত মহাসাগরের পশ্চিমাঞ্চলীয় উপকূলে ফ্লাইট এমএইচ ৩৭০-র তিনটি টুকরো পেয়েছেন। এসবের মধ্যে বিমানটির একটি ডানার টুকরো লা রেউনিয়ঁ দ্বীপ থেকে উদ্ধার করা হয়। কী কারণে বিমানটি নিখোঁজ হলো? বিশেষজ্ঞদের অনুমান, ছিনতাই, পাইলটের ভুল অথবা যান্ত্রিক ত্রুটি। তবে কোনোটিই এখনো প্রমাণ হয়নি।