সাগরতলে বাক্সবন্দী ৪০ মিনিট!
যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যকার ইউরো টানেল নিয়ে কত গল্পই না শুনেছি। সত্যি সত্যি একটা টানেল কীভাবে যুক্ত করে দুটো বড়সড় দেশকে? সাগরতলা দিয়েই বা কীভাবে যায় ট্রেন? বিস্ময়কর এই টানেল নিয়ে নানা কৌতূহলের জবাব মিলল গত ১০ মার্চ। লন্ডনের ভিক্টোরিয়া কোচ স্টেশন থেকে যাত্রা শুরু করল আমাদের বাস। গন্তব্য প্যারিস। ঘণ্টা তিনেক পর আমরা পৌঁছালাম ফোকস্টোন। জায়গাটা দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে। কাছেই ইংলিশ চ্যানেল। মানে ইউরো টানেলের কাছাকাছি চলে এসেছি আমরা।

আগেই শেষ হয়েছে যাত্রীদের পাসপোর্ট চেক আর নিরাপত্তা তল্লাশি।
অনেকক্ষণ অপেক্ষায় ছিলাম কখন টানেলের ভেতর যাবে বাস। কখন সাগরতলা দিয়ে যাব। বাস্তবে সে রকম কিছু হলো না। কিছু বুঝে ওঠার আগেই বাস গিয়ে ঢুকল বিশাল একটা ধাতব কুঠুরিতে। চারদিক বন্দী। পরে জেনেছি এই ধাতব কুঠরি একটি ট্রেনের কম্পার্টম্যান্ট বা কুঠুরি। বাস আর যাবতীয় যানবাহন ফেরির মতোই ট্রেনের কম্পার্টমেন্টের ভেতরে গিয়ে ঢোকে। উচ্চশক্তির ইঞ্জিনসহ এই ট্রেন টেনে নিয়ে যায় পেটের ভেতরের যানবাহনগুলোকে।
টানেলের ভেতরে নিরাপত্তা নির্দেশনা চলল অনেকক্ষণ। তারপর চলতে শুরু করল ট্রেন। যেন সাগরতলে বড়সড় বাক্সবন্দী হয়ে যাত্রা!
বাসের ভেতর বসে আছি আগের মতোই। ইংলিশ চ্যানেল মানে সাগরের তলা দিয়ে যাচ্ছি, কিচ্ছুটি বোঝার উপায় নেই।
৪০ মিনিট পর মনে হলো থেমেছে ট্রেন। খুলে গেল কুঠুরির স্বয়ংক্রিয় দরজা।
আমরা বেরিয়ে এলাম নতুন দেশে। মানে ফরাসি সাম্রাজ্যে!

ইউরো টানেল তথ্য বিচিত্রা
যুক্তরাজ্য ও ফ্রান্সের ১৩ হাজার শ্রমিক ৫ বছর ধরে কাজ করেছেন এই টানেল তৈরিতে।
এই টানেলের দৈর্ঘ্য প্রায় ৫০ কিলোমিটার। এর বড় একটি অংশ সাগরের তলায়।
১৯৮৮ সালের ফেব্রুয়ারি মাসে শুরু হয় বিস্ময়কর এই টানেলের নির্মাণ।
১৯৯৪ সালে প্রথম গাড়িটি টানেল পার হয়।
ইউরো টানেলের একেকটি শাটল ট্রেনের দৈর্ঘ্য ৭৭৫ মিটার।