সাগরতলে ভ্রমণের বিশেষ আয়োজন ভার্জিনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রমণপিপাসুদের জন্য নতুন আয়োজন নিয়ে হাজির হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ভার্জিন গ্রুপ। ক্যারিবীয় সাগরের তলদেশ দেখাতে পর্যটকদের জন্য একটি ‘আন্ডারওয়াটার প্লেন’ চালু করছে ভার্জিন। সাগরতলে বিমানে চড়ার অনুভূতি দেবে নতুন এ যানটি। গ্রুপের চেয়ারম্যান রিচার্ড ব্র্যানসন গত শুক্রবার এর উদ্বোধন করেন। যানটির নাম দেওয়া হয়েছে ‘নেকার নিম্ফ’। এতে চড়ে সাগরের তলদেশ ভ্রমণ করতে পর্যটকদের সপ্তাহে ২৫ হাজার ডলার দিতে হবে। অবশ্য তার আগে ওই এক সপ্তাহে নেকার দ্বীপে ভ্রমণ ও অবস্থানের জন্য পরিশোধ করতে হবে তিন লাখ ডলার। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে নেকার নিম্ফ আনুষ্ঠানিকভাবে পর্যটকদের নিয়ে ভ্রমণ শুরু করবে।ক্যারিবীয় সাগরে ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জের একটি দ্বীপ নেকার। ব্যক্তিগত এ দ্বীপটির মালিকানা কোটিপতি ব্র্যানসনের। এখানে তিনি পর্যটকদের জন্য ভ্রমণের ব্যবস্থা রেখেছেন। অতিথিরা এ দ্বীপে বেড়াতে এসে ভার্জিনের বিভিন্ন আয়োজন উপভোগ করতে পারেন। আর এসব আয়োজনে নতুন সংযোজন এ নেকার নিম্ফ। নিম্ফের স্বচ্ছ ককপিটে বসে পর্যটকেরা এখন সাগরতলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।যানটির নির্মাতা প্রতিষ্ঠান হকস ওশেন টেকনোলজিসের মুখপাত্র কারেন হকস বলেন, একজন পাইলটের সঙ্গে দুজন যাত্রী এতে চড়তে পারবেন। এর গতি ঘণ্টায় দুই থেকে পাঁচ নটিক্যাল মাইল। এটি ১০০ ফুটের বেশি গভীরে ডুব দিতে পারে। ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠান ভার্জিন লিমিটেড এডিশনের একটি বিবৃতিতে বলা হয়, নিম্ফে চড়ে রওনা দেওয়ার অনুভূতি অনেকটাই বিমানে রওনা দেওয়ার মতো। সাগরতীর বা বড় নৌযান থেকে একটি সাগরের তলদেশে যাত্রা করতে সক্ষম। নিকার নিম্ফের নির্মাতারা দাবি করেছেন, এ যানের স্বল্প আলো ও কম মাত্রার শব্দ সাগরতলের পরিবেশকে নির্বিঘ্ন রাখবে। সিএনএন।