সাগরসীমা নিয়ে চীন-মার্কিন দ্বন্দ্ব
দায়িত্ব নেওয়ার পরপরই দক্ষিণ চীন সাগর নিয়ে এশিয়ার পরাশক্তি চীনের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। গত সোমবার হোয়াইট হাউস বলেছে, যুক্তরাষ্ট্র যেকোনো মূল্যে দক্ষিণ চীন সাগরের আন্তর্জাতিক সমুদ্রসীমায় কোনো অংশের নিয়ন্ত্রণ নেওয়া থেকে চীনকে বিরত রাখবে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত পাল্টা হুমকিতে বলা হয়েছে, ওই পদক্ষেপ নিতে হলে ওয়াশিংটনকে যুদ্ধ বাধাতে হবে।
ট্রাম্প প্রশাসনের প্রথম পূর্ণ কর্মদিবস সোমবার প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার বলেন, ‘সেখানে (দক্ষিণ চীন সাগরে) আমাদের স্বার্থ সমুন্নত থাকবে তা যুক্তরাষ্ট্র অবশ্যই নিশ্চিত করবে।’
কয়েক দিন আগেই সিনেট কমিটিতে মনোনয়ন নিশ্চিত করার শুনানিতে ট্রাম্পের মনোনীত পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছিলেন, যুক্তরাষ্ট্রের উচিত দক্ষিণ চীন সাগরে চীনের নির্মিত কৃত্রিম দ্বীপে দেশটির যাতায়াত বন্ধ করে দেওয়া।
শন স্পাইসারের কাছে সোমবারের সংবাদ সম্মেলনে প্রশ্ন ছিল, প্রেসিডেন্ট ট্রাম্প এই মন্তব্যের সঙ্গে একমত পোষণ করেন কি না? জবাব হোয়াইট হাউস মুখপাত্র বলেন, ‘সেটা আন্তর্জাতিক জলসীমা। চীনের অংশ নয়। আন্তর্জাতিক সীমা যাতে একটি দেশের হাতে চলে না যায় তা আমরা নিশ্চিত করবই।’ তবে চীনের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হতে পারে তা খোলাসা করেননি স্পাইসার।
এদিকে সাগরের ওই বিরোধপূর্ণ অংশে নিজেদের ‘সন্দেহাতীত সার্বভৌমত্ব’ দাবি থেকে সরে আসবে না বলে গতকাল মঙ্গলবার ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়েছে চীন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং এক সংবাদ সম্মেলনে বলেন, দক্ষিণ চীন সাগরের দ্বীপগুলো ও এর সঙ্গে লাগোয়া জলরাশিতে চীনের সার্বভৌমত্বের বিষয়টি বিতর্কের ঊর্ধ্বে। সেখানে নিজেদের অধিকার ও স্বার্থ সুরক্ষায় তাঁর দেশ অটল।
চীনের এই মুখপাত্র বলেন, দক্ষিণ চীন সাগর ইস্যুতে যুক্তরাষ্ট্র কোনো পক্ষের মধ্যেই পড়ে না।
সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অধীনে ওয়াশিংটন বরাবরই দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমায় ক্ষুদ্র দ্বীপপুঞ্জ, শৈলশিরা ও বালুচরের বিষয়ে নিরপেক্ষ থাকবে বলে জানিয়ে এসেছে। ওই অঞ্চলের জলসীমা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে চীনের বিরোধ থাকা ছাড়াও দেশটি সামরিক উদ্দেশ্যে কৃত্রিম দ্বীপ তৈরি করায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।
ন্যাটোকে আশ্বস্ত করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
দায়িত্ব নেওয়ার পর ট্রাম্পের চেয়ে ভিন্ন সুরে কথা বললেন তাঁর প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। গত সোমবার তিনি সামরিক জোট ন্যাটোকে আশ্বস্ত করেছেন যে জোটের প্রতি ওয়াশিংটনের ‘অবিচল প্রতিশ্রুতি’ রয়েছে। সাবেক চার তারকা জেনারেল ম্যাটিস সিনেটের অনুমোদন পাওয়া ট্রাম্প প্রশাসনের প্রথম মন্ত্রী।
ট্রাম্প বরাবরই ন্যাটোকে সেকেলে ও বাতিল জোট আখ্যা দিয়ে আসছেন। জোট থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ারও হুমকি দিয়ে রেখেছেন।
কিন্তু দায়িত্ব নেওয়ার পর প্রথম দিনেই ম্যাটিস ন্যাটোর মহাসচিব জেনস স্টোলটেনবার্গের সঙ্গে ফোনে কথা বলেন। এ ছাড়া যুক্তরাজ্য ও কানাডার প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গেও কথা বলেন তিনি।
পেন্টাগনের মুখপাত্র জেফ ডেভিস এক বিবৃতিতে জানান, যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালনের সঙ্গে ফোনালাপে ম্যাটিস বলেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সব সময় ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। এর প্রতিফলন হয় প্রতিরক্ষা সম্পর্কেও।
সৌদি আরব আশাবাদী
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদিল আল জুবায়ের বলেছেন, ট্রাম্পের অবস্থান সৌদি আরবের দৃষ্টিভঙ্গির সঙ্গে সংগতিপূর্ণই হচ্ছে। ট্রাম্পের ব্যাপারে রিয়াদ বেশ আশাবাদী। তিনি বলেন, নতুন মার্কিন প্রেসিডেন্টের মনোনীত মন্ত্রিসভাও দারুণ। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন একজন দেশপ্রেমী।