সাগরে ঠেলে দেওয়ার নীতির সমালোচনায় জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গভীর সমুদ্রে চরম অনিশ্চয়তার মধ্যে ভাসতে থাকা প্রায় ছয় হাজার রোহিঙ্গা মুসলিম এবং বাংলাদেশির জীবন রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার তিনটি দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কমিশনার জাইদ রাদ আল হোসেইন। তিনি অভিযোগ করেন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ড এই অভিবাসীদের বহনকারী নৌকা সাগরে ঠেলে দেওয়ার নীতি নিয়েছে।

আজ শুক্রবার বিবিসি বাংলায় এ খবর জানিয়েছে। ওই খবরে বলা হয়, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া কিছু অভিবাসীকে তীরে নামতে দেওয়ায় জাতিসংঘের মানবাধিকার প্রধান এই দুই দেশের প্রশংসা করেন। কিন্তু একই সঙ্গে তারা যে অভিবাসীদের সাগরে ঠেলে দিচ্ছে তাতে এদের জীবন বিপন্ন হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন তিনি।
জাইদ রাদ আল হোসেইন বলেন, ‘থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া অভিবাসীবোঝাই এসব নৌকা সাগরে ঠেলে দিচ্ছে এবং এর ফলে অনেক মানুষের জীবন বিপন্ন হচ্ছে। এদের জীবনকে আরও ঝুঁকির মুখে ঠেলে না দিয়ে আমাদের বরং উচিত তাদের জীবন রক্ষার দিকেই বেশি মনোযোগ দেওয়া।’ তিনি আরও বলেন, এই অভিবাসীরা যেখান থেকে যেভাবেই তাদের সীমান্তে এসে পৌঁছাক, তাদের অধিকারকে অবশ্যই রক্ষা করতে হবে। এদের অপরাধী বলে গণ্য করা এবং কারাবন্দী করা সমস্যার সমাধান নয়।

জাতিসংঘ মানবাধিকার কমিশনের হিসাব অনুযায়ী গত বছর মিয়ানমার এবং বাংলাদেশ থেকে প্রায় ৫৩ হাজার মানুষ সাগর পাড়ি দিয়ে থাইল্যান্ড বা মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছে। গত বছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত প্রায় ৯২০ জন সাগরে ডুবে মারা গেছে।