আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে হত্যার পর তাঁর মরদেহ সাগরে সমাহিত করা হয়নি; বরং গবেষণার জন্য যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। উইকিলিকসের ফাঁস করা ই-মেইল বার্তায় এ তথ্য পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটফরের ভাইস প্রেসিডেন্ট ফ্রেড বারটনের ই-মেইল বার্তায় বলা হয়, গত বছরের মে মাসের শুরুর দিকে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে নিহত হওয়ার পর ওসামার মরদেহ সাগরে সমাহিত করা হয়নি। ওসামার মরদেহ পরীক্ষা-নিরীক্ষা করতে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। বারটনের ধারণা, সিআইএর বিশেষ বিমানে করে ওসামার মরদেহ প্রথমে ডোভারে নেওয়া হয়। পরে সেখান থেকে ম্যারিল্যান্ডের বেথেসদায় অবস্থিত আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজিতে পাঠানো হয়। অন্য এক ই-মেইল বার্তায় বারটন বলেন, ‘আমি বিশ্বাস করি না, ওসামার মরদেহ সাগরে সমাহিত করা হয়েছে। আর যদি সত্যিই তা-ই করা হয়ে থাকে, তাহলে ওসামার মরদেহের ছবি, তাঁর ডিএনএ ও আঙুলের ছাপ চাই। আমি মনে করি, এফবিআই তাঁর (ওসামা) মরদেহ নিয়ে কোনো রকম অন্যায় আচরণ করতে পারে না, করেওনি।’যুক্তরাষ্ট্র সরকার দাবি করে আসছে, ইসলামি বিধিবিধান মেনে ওসামার মরদেহ আরব সাগরে সমাহিত করা হয়েছে। স্ট্র্যাটফর সারা বিশ্বের গোয়েন্দা তথ্য নিয়ে গবেষণা করে। প্রতিষ্ঠানটির লাখো ই-মেইল বার্তা প্রকাশ করছে উইকিলিকস। জিনিউজ অনলাইন।