সাগরে ভাসল চীনের বিমানবাহী রণতরি
চীনের প্রথম বিমানবাহী রণতরি গতকাল মঙ্গলবার থেকে কাজ শুরু করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।পূর্ব চীন সাগর নিয়ে জাপানসহ কয়েকটি দেশের সঙ্গে উত্তেজনাপূর্ণ সময়ে চীনের এই জাহাজ আনুষ্ঠানিকভাবে মোতায়েন করা হলো। এটি সাগরে চীনের শক্তি বাড়ানোর পাশাপাশি সংশ্লিষ্ট দেশগুলোর উদ্বেগ বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে।সাবেক সোভিয়েত ইউনিয়নে নির্মিত একটি জাহাজ কিনে সংস্কার করে এ রণতরি তৈরি করা হয়েছে।চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এখন জাহাজটি কোনো অভিযানে অংশ নেবে না। এটি প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হবে। এটি সাগরে চীনের স্বার্থ রক্ষার সামর্থ্য বাড়িয়েছে। বিমানবাহী জাহাজটি ৩০০ মিটার (৯৯০ ফুট) দীর্ঘ। এর নাম দেওয়া হয়েছে লিয়াওনিং।চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, ডালিয়ান বন্দরে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে লিয়াওনিং নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এ সময় চীনের প্রেসিডেন্ট হু জিনতাও, প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘আমাদের সার্বিক যুদ্ধের সামর্থ্য বাড়াতে নৌবাহিনীতে এই বিমানবাহী জাহাজের সংযোজন খুব গুরুত্বপূর্ণ। এটি আমাদের নিরাপত্তা, গভীর সমুদ্রে বিভিন্ন ধরনের হুমকি মোকাবিলা ও সার্বভৌমত্ব রক্ষার সামর্থ্য বাড়াবে।লিয়াওনিংয়ের পূর্ব নাম ছিল ভ্যারেজ। ১৯৮০ সালে সোভিয়েত নৌবাহিনী এটি তৈরি করে। তবে কাজ সম্পূর্ণ করতে পারেনি। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের সময় এটি ইউক্রেনে ছিল। চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সঙ্গে সম্পর্কযুক্ত একটি চীনা প্রতিষ্ঠান জাহাজটি কিনে নেয়। প্রতিষ্ঠানটির উদ্দেশ্য ছিল জাহাজটি দিয়ে ম্যাকাও দ্বীপে ভাসমান বিনোদনকেন্দ্র স্থাপন করা। তবে চীন ২০০১ সালে জাহাজটি নিয়ে নেয়। ২০১১ সালের জুন মাসে চীনের সামরিক বাহিনী নিশ্চিত করে, সংস্কার করে এটিকে চীনের প্রথম বিমানবাহী জাহাজ হিসেবে ব্যবহার করা হবে।বিশ্লেষকেরা বলছেন, জাহাজটি অভিযানের জন্য পুরোপুরি প্রস্তুত করতে আরও কয়েক বছর সময় লাগবে। বিবিসি।