সাজা কমাতে বাদশার কাছে অ্যামনেস্টির অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে মহাসড়কে ডাকাতির দায়ে অঙ্গচ্ছেদের দণ্ডাদেশ পাওয়া ছয় নাগরিকের কঠোর শাস্তি লঘু করতে দেশটির বাদশা আবদুল্লাহর প্রতি অনুরোধ জানিয়েছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। লন্ডন-ভিত্তিক এই মানবাধিকার সংগঠন শুক্রবার জানায়, ওই ছয়জন সৌদি নাগরিকের ডান হাত ও বাঁ পা কেটে নেওয়ার আদেশ এখন দেশটির সুপ্রিম কোর্টের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আদালতের অনুমোদনের পর ওই দণ্ডাদেশে বাদশা আবদুল্লাহ সম্মতি দিলে শিগগিরই তা কার্যকর করা হবে। মানবাধিকার সংগঠনটি দাবি করেছে, ওই ছয় ব্যক্তির কাছ থেকে অপরাধের ব্যাপারে জোর করে স্বীকারোক্তি আদায় করা হয়েছে। ডান হাত ও বাঁ পা কেটে নেওয়ার শাস্তির বিধান চরম নির্মমতা উল্লেখ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার অন্তর্বর্তী পরিচালক ফিলিপ লুথার বলেন, ফৌজদারি বিচারব্যবস্থায় এ ধরনের কোনো শাস্তির অস্তিত্ব থাকাই ঠিক নয়। তিনি বলেন, ‘ওই ছয় ব্যক্তিকে এই ভয়ঙ্কর শাস্তি থেকে রেহাই দিতে আমরা সৌদি বাদশার কাছে আবেদন জানাই।’এই ছয় ব্যক্তিকে মহাসড়কে একটি ডাকাতির ঘটনায় ২০১০ সালের অক্টোবরে রাজধানী রিয়াদ থেকে আটক করা হয়। এরপর মালাজ করাগারে নেওয়া হয়। অ্যামনেস্টির দাবি, কারাগারে মারধর করে অপরাধের ব্যাপারে তাঁদের কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা হয়েছে। এএফপি।