সাজানো জীবনে হঠাৎ ছন্দপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভয়াবহ ভূমিকম্পের পর সুনামির ছোবলে বিপর্যস্ত হয়ে পড়েছে জাপানের জনজীবন। হঠাৎ ছন্দপতন ঘটেছে সময় ধরে চলা সাজানো জীবনে। অনেকের মতে, জাপানের এই দুর্যোগ ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা ও নাগাসাকি শহরে যুক্তরাষ্ট্রের আণবিক বোমা ফেলার সেই মহাদুর্যোগের কথা মনে করিয়ে দিচ্ছে। তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ার বিষয়ে সরকারের দেওয়া বক্তব্যেও ভরসা করতে পারছে না দেশটির সাধারণ মানুষ। ইয়োকোহামা শহরের বাসিন্দা সিনইয়া তোকিয়া। কাজ করেন ফুজিৎসু ইলেকট্রনিকসে। সিনইয়া বলেন, ‘তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ার খবরটি নিশ্চিত হতে আমি ইন্টারনেটে অনেক ঘাঁটাঘাঁটি করেছি। কিন্তু কোনটি বিশ্বাস করব? প্রথমে বলা হলো—সবকিছু ঠিক আছে, তেজস্ক্রিয় ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই। এর পরই আবার বলা হচ্ছে, পরিস্থিতি খুব গুরুতর। জনগণকে সাবধানে থাকার নির্দেশ দেওয়া হচ্ছে।’ তিনি জানান, অফিসে তাঁরা কাজ করে যাচ্ছেন। কিন্তু ট্রেনের সময়সূচিতে বিপর্যয় ঘটায় অনেক কিছুতেই সমস্যার সৃষ্টি হচ্ছে।টোকিও থেকে ওসাকা যাওয়ার ট্রেনের টিকিট জোগাড় করতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন ইউকো ওতা। তিনি বলেন, এর আগে কখনো তাঁকে এতটা সময় অপেক্ষা করতে হয়নি। টোকিওতে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে, এ আশঙ্কায় তাঁর অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। তাই বাড়ি ফিরতে টিকিটের জন্য অপেক্ষা করছিলেন।জাপানের মানুষ ভূমিকম্প, ভূমিধস, টাইফুন বা এই জাতীয় প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে পরিচিত। এর পরও গত শুক্রবারের ৮ দশমিক ৯ তীব্রতার ভূমিকম্প, এ কারণে সৃষ্ট ৩৩ ফুট উচ্চতার সুনামি ও পরে পারমাণবিক বিপর্যয়ের ঘটনায় তারা হতচকিত হয়ে পড়েছে। দ্য নিউইয়র্ক টাইমস।