ভারতের রাজধানীতে গত বছর চলন্ত বাসে মেডিকেলছাত্রীকে গণধর্ষণ ও মারধরের আলোচিত মামলায় দোষী সাব্যস্ত চার আসামির সাজা আগামীকাল শুক্রবার ঘোষণা করা হবে। গতকাল বুধবার নয়াদিল্লির দ্রুত বিচার আদালতের বিচারক যোগেশ খান্না সাজার বিষয়ে শুনানির পর রায়ের দিন ধার্য করেন।
বহুল আলোচিত এ মামলায় গত মঙ্গলবার আদালত বাকি চার আসামিকেই দোষী সাব্যস্ত করেন। তাঁরা হলেন বিনয় শর্মা, অক্ষয় সিং তালুকদার, পবন গুপ্ত ও মুকেশ সিং।
মামলায় অভিযুক্ত ছয়জনের মধ্যে প্রধান আসামি বাসচালক রাম সিং কারাগারে আত্মহত্যা করেন। আর অপ্রাপ্তবয়স্ক আরেক অভিযুক্তকে গত মাসে তিন বছরের কারাদণ্ড দেন কিশোর আদালত।
গতকাল শুনানিতে রাষ্ট্রপক্ষ থেকে চার আসামিরই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষের অভিযোক্তা দায়ান কৃষ্ণাণ বলেন, আসামিরা যে ধরনের অপরাধ করেছেন, তাতে তাঁদের মৃত্যুদণ্ডের চেয়ে কম শাস্তি দেওয়া যথাযথ হবে না।
দোষী সাব্যস্ত চারজনই চিৎকার করে নিজেদের নির্দোষ দাবি করেন। গণমাধ্যমের ব্যাপক প্রচার এ মামলায় প্রভাব ফেলেছে দাবি করে আসামিপক্ষের আইনজীবী ভি কে আনন্দ আদালতকে বলেন, ‘আমরা দাবি জানাব, যেন আসামিদের সর্বোচ্চ দণ্ড দেওয়া না হয়।’
গত বছরের ১৬ ডিসেম্বর রাতে এক বন্ধুর সঙ্গে বাড়ি ফেরার সময় চলন্ত বাসে ধর্ষণের শিকার হন ২৩ বছর বয়সী ফিজিওথেরাপির ওই ছাত্রী। এর আগে তাঁর বন্ধুকে পিটিয়ে হাত-পা বেঁধে বাসেই আটকে রাখা হয়। পরে নির্ভয়া ও তাঁর সফটওয়্যার ইঞ্জিনিয়ার বন্ধুকে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়। দুই সপ্তাহ পর সিঙ্গাপুরের একটি হাসপাতালে মেয়েটির মৃত্যু হয়।
ধর্ষণের শিকার ব্যক্তিদের প্রকৃত নাম গোপন রাখার রীতি থেকে ভারতের প্রচার মাধ্যম প্রতিবেদনে তাঁকে নির্ভয়া হিসেবে উল্লেখ করে।
নির্ভয়ার করুণ মৃত্যুর প্রতিবাদে ও নারীদের নিরাপত্তার দাবিতে সারা ভারতে ব্যাপক বিক্ষোভ হয়। কয়েক দিনের টানা বিক্ষোভের মুখে প্রচলিত আইন সংশোধন করে নারী নির্যাতনের দায়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করা হয়। বিবিসি।