প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমাদের ছায়াপথেই একটি ছোট নক্ষত্রের চারপাশে ঘুরতে থাকা সাতটি পৃথিবীসদৃশ গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। গতকাল বুধবার তাঁরা এ কথা প্রকাশ করেছেন। বলা হচ্ছে, এ আবিষ্কার সৌরজগতের বাইরে প্রাণের চিহ্ন অনুসন্ধানের জন্য এ পর্যন্ত সবচেয়ে সম্ভাবনাময় ক্ষেত্রের সন্ধান দিয়েছে।
সাতটি গ্রহেরই আকার এবং ভর মোটামুটি আমাদের পৃথিবী গ্রহের মতো আর প্রায় নিশ্চিতভাবেই পাথুরে। এগুলোর তিনটির মধ্যে প্রাণের বিকাশে সহায়তাকারী মহাসাগর থাকার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। নেচার পত্রিকায় এ গবেষণার কথা ছাপা হয়েছে।
প্রতিবেদনের অন্যতম লেখক কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী আমোরি ত্রিয়ো প্যারিসে প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘সৌরজগতের বাইরে প্রাণের সন্ধানে আমরা একটা বড় পদক্ষেপ নিয়েছি। এত দিন পর্যন্ত আমরা সঠিক গ্রহ খুঁজে পাইনি। এবার পেয়েছি।’