সাত নির্বাচনী কর্মকর্তা ও পাঁচ পুলিশ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ছত্তিশগড় রাজ্যের বস্তার এলাকায় গতকাল শনিবার মাওবাদীদের দুটি হামলায় নিহত হয়েছেন নির্বাচনী দায়িত্ব পালনকারী অন্তত সাতজন সরকারি কর্মকর্তা ও পুলিশের (সিআরপিএফ) পাঁচ সদস্য। পৃথক দুটি মাওবাদী হামলায় নিহত হয়েছেন তাঁরা। ওই রাজ্যের কয়েকটি আসনে দুই দিন আগে লোকসভা নির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ সম্পন্ন হয়।
রাজ্যের রাজধানী রায়পুর থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দক্ষিণে জগদলপুরের দর্ভ এলাকায় সিআরপিএফ (সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স) জওয়ানদের বহনকারী একটি গাড়িতে মাওবাদীরা হামলা চালায়। এতে গাড়িচালকসহ পাঁচ জন নিহত ও আরও তিনজন আহত হন।
অপর হামলাটি হয় রায়পুর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে বিজাপুর জেলায় নির্বাচনী কর্মকর্তাদের বহনকারী একটি বাসে। মাওবাদীরা বোমা মেরে গাড়িটি উড়িয়ে দিলে সাত নির্বাচনী কর্মকর্তা নিহত এবং আরও পাঁচজন আহত হন। পুলিশের অতিরিক্ত মহাপরিচালক (মাওবাদী দমন অভিযান) আর কে ভিজ বলেন, নিহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা রয়েছে। হিন্দুস্তান টাইমস।