সাত বছরের অভিযান শেষে পৃথিবীতে ফিরেছে জাপানি নভোযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হায়াবুসা নামে জাপানের একটি নভোযান সাত বছরের অভিযান শেষে গতকাল সোমবার অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে অবতরণ করেছে। ইতোকাওয়া নামের একটি গ্রহাণুতে অনুসন্ধান চালাতে পাঠানো হয়েছিল হায়াবুসাকে। ২০০৩ সালে নভোযানটি উৎক্ষেপণ করা হয়।পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার পর হায়াবুসা প্রজ্বলিত হয়ে উঠলে একটি চমৎকার দৃশ্যের অবতারণা হয়। অস্ট্রেলীয়, জাপানি ও মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা একটি বিশেষ বিমানে চড়ে হায়াবুসার অবতরণ-দৃশ্য প্রত্যক্ষ করেন। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞানী ট্রেভর ইরল্যান্ড বলেন, ‘দৃশ্যটি দেখে মনে হচ্ছিল, কোনো উল্কাপাত দেখছি। এটা খুবই চমৎকার অভিজ্ঞতা।’ উৎক্ষেপণের পর ২০০৫ সালে পৃথিবী থেকে ৩০ কোটি মাইল দূরের গ্রহাণু ইতোকাওয়ায় অবতরণ করে ৫০০ কেজি ওজনের হায়াবুসা। বিজ্ঞানীরা আশা করছেন, ইতোকাওয়া থেকে সেখানকার কিছু নমুনা নিয়ে এসেছে নভোযানটি। এ ধরনের নমুনা পাওয়া গেলে এই অভিযান হবে প্রথম অভিযান—যার মাধ্যমে পৃথিবীর বাইরে চাঁদ ছাড়া অন্য কোনো স্থান থেকে নমুনা আনা হয়েছে। বিজ্ঞানীরা গতকাল সকালে অস্ট্রেলিয়ার কুবার পেডি শহরে হায়াবুসার ধ্বংসাবশেষ থেকে বাস্কেটবল আকারের একটি পাত্র উদ্ধার করে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জেএএক্সএতে পাঠিয়েছেন। সেখানে ওই পাত্রটি খুলে পরীক্ষা করে দেখা হবে ইতোকাওয়া থেকে হায়াবুসা আসলেই কিছু আনতে পেরেছে কি না। রয়টার্স।