সাত মাসের বেশি সময় পর দেখা গেল ম্যান্ডেলাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তী নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলাকে সাত মাসের বেশি সময় পর গত বুধবার টেলিভিশনে দেখা গেল। দেশটির ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) প্রতিষ্ঠার শততম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে দেখা যায়।দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ম্যান্ডেলার গ্রামের বাড়ি কুনুতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে এএনসির সাবেক প্রধান ম্যান্ডেলার হাতে প্রতীকী মশাল তুলে দেওয়া হয়। দলের বর্তমান প্রধান বালেকা এমবেতে মশাল তুলে দেন কিংবদন্তী এই নেতার হাতে। অনুষ্ঠানে আরাম চেয়ারে বসা ও কোলে কম্বল রাখা ম্যান্ডেলাকে বেশ হাস্যোজ্জ্বল দেখায়। অনুষ্ঠানটি টেলিভিশনে প্রচার করা হয়।এএনসির মুখপাত্র কিথ খোজা বলেন, ‘তাঁর স্বাস্থ্য বেশ ভালো আছে, তাঁকে বেশ খুশিও দেখায়।’ অনুষ্ঠানে ম্যান্ডেলার পাশে স্ত্রী গ্রাসা ম্যাচেল ও নাতি-নাতনি ছিলেন।ম্যান্ডেলা গত মঙ্গলবার তাঁর নিজ গ্রামে যান। তাঁকে জনসমক্ষে শেষবার দেখা যায় জোহানেসবার্গে ২০১০ সালে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে।বর্ণবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় ২৭ বছর কারাভোগের পর ১৯৯০ সালে মুক্তি পান ম্যান্ডেলা। চার বছর পর দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। ১৯৯৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান ম্যান্ডেলা। এএফপি।