সাদা কুমিরের দেখা মিলল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ায় দেখতে পাওয়া প্রাপ্তবয়স্ক সাদা কুমির। ছবি: এনটি ক্রোকোডাইল কনজারভেশন অ্যান্ড ও প্রোটেকশন সোসাইটির ফেসবুক থেকে নেওয়া।
অস্ট্রেলিয়ায় দেখতে পাওয়া প্রাপ্তবয়স্ক সাদা কুমির। ছবি: এনটি ক্রোকোডাইল কনজারভেশন অ্যান্ড ও প্রোটেকশন সোসাইটির ফেসবুক থেকে নেওয়া।

অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের একটি নদীতে প্রাপ্তবয়স্ক সাদা কুমিরের দেখা মিলেছে। এই রঙের প্রাপ্তবয়স্ক কুমিরের দেখা পাওয়া একটি বিরল ঘটনা। গত রোববার ডারউইন শহরের কাছে অ্যাডিলেড নদীতে এই কুমিরের দেখা মেলে। খবর বিবিসির।

এক প্রত্যক্ষদর্শীর অনুমান কুমিরটির দৈর্ঘ্য তিন মিটার। এক প্রাণী বিশেষজ্ঞের মতে, হাইপোমেলানিজমের (রঞ্জক মেলানিনের পরিমাণ কম) কারণে কুমিরের রং ফ্যাকাশে হয়ে যায়। হাইপোমেলানিস্টিক কুমিরের বিষয়টি স্থানীয়দের কাছে পরিচিত। ২০১৪ সালে স্থানীয় এক জেলে এ ধরনের একটি কুমির হত্যা করেছিলেন।

প্রাণী সংরক্ষণ নিয়ে কাজ করা স্থানীয় একটি বেসরকারি সংস্থার প্রেসিডেন্ট ব্রডি বলেন, কুমিরটির দেখা মেলায় প্রত্যেকেই আনন্দিত। কুমিরটি দেখার জন্য আমি অনেক অপেক্ষা করেছি।’

বিশেষ করে কুমিরের খামারগুলোতে অপ্রাপ্তবয়স্ক সাদা কুমিরের দেখা মেলা বিরল নয়। চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ের গবেষণা সহযোগী অ্যাডাম ব্রিটন বলেন, ‘ফ্যাকাশে রঙের প্রাপ্ত বয়স্ক কুমিরের দেখা মেলা বিরল ঘটনা। আমরা এ ধরনের অপ্রাপ্তবয়স্ক কুমির প্রায়ই দেখতে পাই। তবে বনে এ ধরনের প্রাপ্তবয়স্ক কুমিরের দেখা সচরাচর পাওয়া যায় না।’