সাদামাটা ছবিটিই এখন বিখ্যাত
ছবির এই তরুণ-তরুণীকে কি চেনা মনে হচ্ছে? এই ছবিটি সত্তরের দশকের গোড়ার দিকে তোলা। ভারতের রাজধানী নয়াদিল্লির কোনো এক তপ্ত দুপুরে তোলা হয়েছে ছবিটি। ছবির ওই দুই তরুণ-তরুণী ধরনা দিয়েছেন রাস্তার ধারের এক আইসক্রিম বিক্রেতার কাছে। প্রচণ্ড গরমে কাহিল এই জুটি একটু প্রশান্তির আশায় রাস্তার পাশে দাঁড়িয়ে অন্য দশজন মানুষের মতোই আইসক্রিম খাচ্ছিলেন। এঁরা হলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ও তাঁর স্ত্রী সোনিয়া গান্ধী। তখন তাঁরা সদ্য বিবাহিত।দুজনের সামনে বা পেছনে নিরাপত্তাকর্মীদের বাড়াবাড়ি রকমের পাহারা নেই। রাস্তায় পথিকেরও তাঁদের নিয়ে কৌতূহল নেই। অথচ কয়েক দশক পর সাদামাটা এই ছবিটিকেই এখন ভারতের বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাসের এক দুর্লভ ছবি হিসেবে বিবেচনা করা হচ্ছে। যিনি ‘বিখ্যাত’ এই ছবিটি তুলেছেন, আলোকচিত্রী হিসেবে তাঁর খ্যাতিও নেহাত কম নয়। নাম—বলদেব কাপুর। ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ব্যক্তিগত আলোকচিত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন দীর্ঘকাল। বলদেব কাপুর বলেন, ওই দিন সকালে নয়াদিল্লির রেসকোর্স রোডে প্রধানমন্ত্রীর ইন্দিরা গান্ধীর বাড়িতে পারিবারিক অ্যালবামের জন্য রাজীব গান্ধী ও সোনিয়া গান্ধীর কয়েকটি ছবি তোলেন তিনি। এরপর চাঁদনি চক থেকে মধ্য দিল্লির রেড ফোর্টের উদ্দেশে রওনা দেন তাঁরা। এ সময় তাঁদের সঙ্গে কোনো নিরাপত্তাকর্মী ছিলেন না। গাড়ি চালাচ্ছিলেন তিনি (বলদেব) নিজেই। পেছনের আসনে বসা ছিলেন সদ্য বিবাহিত জীবন শুরু করা রাজীব ও সোনিয়া।ইন্ডিয়া গেট অতিক্রমের পর বলদেব নিজেই রাজীবকে জিজ্ঞেস করেন, আইসক্রিম কেনার জন্য গাড়ি থামাবেন কি না। রাজীব গান্ধী সায় দিলেন। এরপর গাড়ি থেমে নেমে রাজীব-সোনিয়া রাস্তায় দাঁড়িয়ে আইসক্রিম খান। ঠিক ওই সময়েই বলদেব রাজীব-সোনিয়াকে ক্যামেরাবন্দী করেন। এনডিটিভি।