সাদাসিধে ভাবমূর্তি সংগ্রামী অতীত
বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় সংগঠনে পরিবর্তনের আভাস দিয়ে দায়িত্ব নিলেন নতুন পোপ হোর্হে মারিও বেরগোগলিও। রোমান ক্যাথলিক চার্চকে যৌন কেলেঙ্কারি, আমলাতন্ত্রের জটিলতা ও দুর্নীতিমুক্ত করাই হবে তাঁর লক্ষ্য।পোপ নির্বাচিত হওয়ার পর নাম গ্রহণের মাধ্যমেই হোর্হে মারিও ইঙ্গিত দিয়েছেন, দরিদ্রবান্ধব, সহজ-সরল জীবনযাপন এবং বিনয়ই হবে তাঁর অবস্থান। তিনি নাম নিয়েছেন প্রথম ফ্রান্সিস। ত্রয়োদশ শতকের ইতালীয় ধর্মপ্রচারক ছিলেন ফ্রান্সিস অ্যাসিস। নিজের বিপুল সম্পদ ত্যাগ করে তিনি বেছে নিয়েছিলেন দরিদ্রের জীবন।পোপ ফ্রান্সিস আর্জেন্টিনার শীর্ষ চার্চের দায়িত্ব পান ২০০১ সালে। কিন্তু তিনি কখনোই চার্চ মিশনের সুরম্য অট্টালিকায় বাস করতেন না। থাকতেন উপশহর এলাকার একটি সাদামাটা বাড়িতে, তীব্র শীতের দিনে ঘর গরম করার জন্য যেখানে ছিল একটি মাত্র ছোট স্টোভ। শহরের মধ্যে চলাচলের ক্ষেত্রে বছরের পর বছর ধরে তিনি ব্যবহার করেছেন গণপরিবহন, নিজে রান্না করে খেয়েছেন।চার্চের সহকর্মী নেতাদের ভণ্ড হিসেবে অভিযুক্ত করেছেন ফ্রান্সিস। বলেছেন, তাঁরা যিশুখ্রিষ্টের শিক্ষা ভুলে গেছেন। তিনি কুষ্ঠরোগীদেরও ধর্মে দিক্ষিত করেছেন, খেয়েছেন পতিতাদের সঙ্গে।রোমান ক্যাথলিক চার্চে সংস্কারের পক্ষে হলেও এ কাজ ফ্রান্সিসের জন্য সহজ হবে বলে মনে হচ্ছে না। কেননা, ভ্যাটিকান প্রশাসনের অভ্যন্তরের কোনো বড় পদে ছিলেন না আর্জেন্টিনায় জন্ম নেওয়া এই ধর্মগুরু। এ কারণে সংস্কারের ক্ষেত্রে ভ্যাটিকান থেকে তিনি বিরোধিতার মুখে পড়তে পারেন।তবে পোপ ফ্রান্সিসের অতীত দেখলে বোঝা যায়, প্রভাবশালীদের তিনি কখনো ছাড় দেননি। একজন অভিবাসী রেলশ্রমিকের এই সন্তান আর্জেন্টিনার চার্চের দায়িত্ব নেন। এরপর দেশটির স্বৈরশাসক থেকে শুরু করে নির্বাচিত শাসকদের খারাপ কাজের সমালোচনা করতে দ্বিধা করেননি। টাইমস অব ইন্ডিয়া।