সাদি গাদ্দাফিকে নিরাপদে মেক্সিকোতে নেওয়ার ষড়যন্ত্র হয়েছিল
লিবিয়ার সাবেক নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাদি গাদ্দাফিকে লিবিয়া থেকে নিরাপদে মেক্সিকোতে নেওয়ার ষড়যন্ত্র করেছিল একটি অপরাধী সংগঠন। এ জন্য বাড়িও কেনা হয়েছিল। কিন্তু মেক্সিকো সরকার সেই ষড়যন্ত্র বানচাল করে দেয়।গত সেপ্টেম্বরে লিবিয়া থেকে পালিয়ে প্রতিবেশী দেশ নাইজারে আশ্রয় নেন সাদি। নাইজার কর্তৃপক্ষ তাঁকে গৃহবন্দী করে রেখেছে। তাঁকে গ্রেপ্তারে আন্তর্জাতিক পুলিশ সংস্থা-ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি রয়েছে।মেক্সিকো সরকারের একজন মুখপাত্র জানান, সাদিসহ তাঁর পরিবারের কয়েকজনকে মেক্সিকোতে নেওয়ার ষড়যন্ত্র বানচাল করে দেওয়া হয় গত ৬ সেপ্টেম্বর। ১৪ সেপ্টেম্বর লিবিয়া থেকে পালিয়ে নাইজারে আশ্রয় নেন তিনি। মেক্সিকো গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে এ ষড়যন্ত্র বানচাল করে দেয়। একটি অপরাধী সংগঠন সাদিসহ অন্যদের ভুয়া নাম ও তথ্য ব্যবহার করে তাঁদের মেক্সিকোতে নিতে সহায়তা করছিল।মেক্সিকোর স্বরাষ্ট্রমন্ত্রী আলেজান্দ্রো পোইরে মেক্সিকো সিটিতে এক সংবাদ সম্মেলনে বলেন, আন্তর্জাতিক পর্যায়ের অপরাধী চক্র সাদি ও তাঁর পরিবারের সদস্যদের মেক্সিকোতে প্রবেশে সহায়তার চেষ্টা করে। ওই চক্রে মেক্সিকো, কানাডা ও ডেনমার্কের নাগরিক রয়েছে। তারা মেক্সিকোতে বাড়ি কিনেছিল ও ব্যাংক হিসাব খুলেছিল। বিবিসি।