সাদি গাদ্দাফিকে লিবিয়ায় হস্তান্তরে নাইজারের ‘না’
লিবিয়ার ক্ষমতাচ্যুত নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাদি গাদ্দাফিকে দেশে ফেরত পাঠাতে নাইজারের প্রতি আহ্বান জানিয়েছে ত্রিপোলি। ‘আসন্ন অভ্যুত্থানের’ জন্য প্রস্তুত থাকতে লিবীয়বাসীকে সাদির আহ্বান লিবিয়া-নাইজার দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষতি হয়েছে বলে মনে করে ত্রিপোলি।তবে নাইজার জানিয়েছে, তারা সাদিকে ফেরত পাঠাবে না। কেননা, লিবিয়ায় পাঠালে তাঁকে হত্যা করা হতে পারে। গত সেপ্টেম্বরে তিনি দেশ থেকে পালিয়ে নাইজারে আশ্রয় নেন।এদিকে লিবিয়া-নাইজার দুই দেশের কর্মকর্তারাই জানিয়েছেন, সাদির চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে নাইজার কর্তৃপক্ষ। এ ছাড়া তাঁর বিষয়টি নিয়ে আলোচনার জন্য লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী আশুর বিন-হায়াল তাঁর নাইজার প্রতিপক্ষের সঙ্গে বৈঠক করবেন বলে দুই দেশ সম্মত হয়েছে।সাদি গত শুক্রবার আল-আরাবিয়া টেলিভিশনকে বলেন, লিবিয়ায় তাঁর বাবাকে হটিয়ে যারা এখন ক্ষমতায় আছে, তাদের ওপর মানুষ ক্ষুব্ধ। এসব লোকজনের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন। রয়টার্স।