সাদ্দাম ফিরে আসছেন ইরাকিদের স্মৃতিপটে
ইরাকে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী অভিযান চালিয়েছিল এক দশক আগে। তখন ক্ষমতাচ্যুত করা হয়েছিল দেশটির দীর্ঘদিনের স্বৈরশাসক সাদ্দাম হোসেনকে। পরে ফাঁসিতে ঝুলিয়ে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।এই এক দশক সময়ের ব্যবধানে সাদ্দাম হোসেনের স্মৃতি কি ইরাকিদের স্মৃতিপট থেকে মুছে গেছে? বাস্তবতা হচ্ছে, সাদ্দাম হোসেনকে উৎখাতের পরও দেশটিতে বছরের পর বছর ধরে চলছে সহিংসতা। দেশটির বর্তমান রাজনৈতিক শ্রেণীর প্রতি জনগণের চরম ঘৃণা জন্মাতে শুরু করেছে। সাদ্দাম হোসেনের জন্য টান অনুভব করতে শুরু করেছে ইরাকিরা।সাদ্দাম হোসেন ও তাঁর সরকারের সঙ্গে ঘনিষ্ঠ ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ ও কলঙ্ক লেপনে রাজধানী বাগদাদের কিছু রাজনীতিককে ব্যবহার করা হলেও তাঁর নিজ শহর তিকরিতের বাসিন্দারা মানুষটির (সাদ্দাম) প্রতি এখনো অনুরক্ত। অগণিত ইরাকিকে হত্যার আদেশ দেওয়ার জন্য সাদ্দামকে দায়ী করা হলেও সাধারণ ইরাকিরা তাঁকে আজও স্মরণে রেখেছে অন্তত একটি বিষয়ের জন্য। আর তা হচ্ছে, দেশটির স্থিতিশীলতা। সাদ্দামের আমলে দেশে যে শান্তিপূর্ণ পরিস্থিতি ছিল, তা আজ উবে গেছে সেই কবে।তিকরিতের ঘড়ি-ব্যবসায়ী খালেদ জামাল বলেন, ‘আমি সাদ্দামকে মনে রাখব এবং (তাঁকে নিয়ে) গর্ব প্রকাশ করে যাব।’ জামালের মতে, গত ১০ বছরে তাঁদের দেশে কোনো পরিবর্তন আসেনি, কোনো উন্নয়ন হয়নি।দেশ পুনর্গঠনের ধীরগতির পাশাপাশি মৌলিক সেবা খাতের দৈন্য ও উচ্চ বেকারত্বের হার এখন কেবল তিকরিত নয়; পুরো দেশকে চরমভাবে ভোগাচ্ছে। এসব বিষয়ের পাশাপাশি আরেকটি বিষয়ও জামালকে চরমভাবে কষ্ট দেয়। তাহলো সাম্প্রদায়িকতা, যা সাদ্দামের পতনের পর থেকেই দেশে শিকড় গেড়ে বসেছে।জামাল বললেন, ‘তখন কোনো সাম্প্রদায়িকতা ছিল না; ছিল না সুন্নি ও শিয়া। আর এখন কারও সঙ্গে সাক্ষাৎ করতে গেলে, প্রথমেই আপনাকে এই প্রশ্ন শুনতে হবে।’সাদ্দাম দেশে ধর্মনিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠার পক্ষে ছিলেন এবং নিজেকে এমন একজন আরব নেতা হিসেবে উপস্থাপন করতেন, যিনি প্রতিবেশী অনারব ইরানের বিরুদ্ধে দাঁড়াতে পারবে। তবে তিনি তাঁর বিরোধিতাকারীদের প্রতি ছিলেন নির্মম। সাদ্দামকে ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধের পর তাঁর শাসনের বিরুদ্ধাচরণকারী এক লাখেরও বেশি মানুষ এবং কুর্দিস্তানে কথিত ‘আনফাল’ অভিযানের মাধ্যমে হাজার হাজার কুর্দিকে হত্যাসহ বেশ কিছু গণহত্যার জন্য দায়ী করা হয়ে থাকে। নানা কর্মকাণ্ডের জন্য সাদ্দাম আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়েন। ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর অভিযানে ক্ষমতাচ্যুত এবং ২০০৪ সালে পলাতক অবস্থায় ধরা পড়ার পর ২০০৬ সালের ডিসেম্বরে ফাঁসিতে ঝুলিয়ে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।তবে সাদ্দামের নিজ দেশের বাসিন্দারা তাঁকে এখনো এমন একজন নেতা হিসেবে স্মরণ করে, যিনি দেশের জন্য লড়াই করেছেন। দেশে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রেখেছিলেন। সাদ্দামকে ক্ষমতাচ্যুত করার পর থেকে আজ পর্যন্ত ইরাকিরা সেই শান্তির অন্বেষায় হন্যে হয়ে ছুটেও তাঁর নাগাল পায়নি।আবু হুসেইনের মতে, ফরাসিরা যেমন সাবেক প্রেসিডেন্ট চার্লস দ্য গলকে হূদয়ে ধারণ করে রেখেছে, ইরাকিরাও সাদ্দামকে তেমন করে মনে রাখবে, এটাই স্বাভাবিক। এএফপি।