সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ গত মঙ্গলবার সরকারবিরোধীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সাধারণ ক্ষমা ঘোষণা করার কথা প্রচার করা হয়। তবে বিরোধীরা এই ঘোষণা প্রত্যাখ্যান করে বলেছেন, শুধু সাধারণ ক্ষমা ঘোষণা করাই যথেষ্ট নয়।রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত সাধারণ ক্ষমার ওই ঘোষণায় বলা হয়, প্রেসিডেন্ট বাশার আল আসাদ গত ৩১ মের আগে সিরিয়ায় সংঘটিত সব রাজনৈতিক অপরাধ ক্ষমা করেছেন। এ সাধারণ ক্ষমার আওতায় সব রাজনৈতিক আন্দোলনের কর্মী, নিষিদ্ধ মুসলিম ব্রাদারহুড সংগঠনের সদস্য ও রাজবন্দীরা অন্তর্ভুক্ত হবেন বলে জানানো হয়।সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়, রাজধানী দামেস্কর দক্ষিণের ডেরা শহরে ১৩ বছরের এক বালকের নিহত হওয়ার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ওই বালক নিরাপত্তা বাহিনীর সদস্যদের নির্যাতনে নিহত হয় বলে অভিযোগ রয়েছে।সরকারবিরোধীরা গতকাল বুধবার তুরস্কে সম্মেলন করে প্রেসিডেন্ট বাশারের সাধারণ ক্ষমা ঘোষণা নাকচ করে দেন। ‘দামেস্ক ডিক্লারেশন’ গ্রুপের আবদেল রাজাক ইদ বলেন, ‘শুধু সাধারণ ক্ষমা ঘোষণা যথেষ্ট নয়। আমরা একটি স্লোগানকে সামনে রেখে সবাই ঐক্যবদ্ধ হয়েছি। তা হলো, জনগণ বর্তমান সরকারের পতন চায় এবং আর যারা অপরাধ করেছে, তাদের জবাবদিহিতার আওতায় আনতে চায়।’মুসলিম ব্রাদারহুডের প্রতিনিধি মেলহেম আল দুরুবি বলেন, ‘ব্রাদারহুড সিরিয়ার জনগণের সঙ্গে রয়েছে। জনগণের মতো আমরাও সরকারের পতন চাই।’সরকারবিরোধী আন্দোলনের কর্মী মোহাম্মদ আবদুল্লাহ বলেন, এই সাধারণ ক্ষমা সরকারের দুর্বল হয়ে পড়ার ইঙ্গিত বহন করে।প্রেসিডেন্ট আসাদ সাধারণ ক্ষমা ঘোষণা করলেও নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সহিংসতায় নতুন করে আরও তিনজন বিক্ষোভকারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এক প্রতিবেদনে জানিয়েছে, ডেরা শহরে মানবতার বিরুদ্ধে অপরাধ করা হয়েছে। এটা শুধু সুনির্দিষ্ট পন্থায় করা হয়েছে তা নয়, এটা বাস্তবায়নে রাষ্ট্রীয় কৌশলও সহায়তা করেছে।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, প্রেসিডেন্ট আসাদের সময় ফুরিয়ে আসছে। সিরিয়ার জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষা শক্তিশালী হচ্ছে। তিনি বলেন, প্রেসিডেন্ট আসাদ সত্যিকার অর্থে কোনো সংস্কারের উদ্যোগ নেননি।মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মার্ক টোনার বলেন, ‘প্রেসিডেন্ট আসাদের উচিত, সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া। আমরা গত কয়েক মাসে প্রেসিডেন্ট আসাদকে অনেক কথাই বলতে শুনেছি। কিন্তু কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে দেখিনি।’সিরিয়ায় প্রায় ১০ সপ্তাহ ধরে চলতে থাকা সরকারবিরোধী আন্দোলনে এ পর্যন্ত অন্তত এক হাজার মানুষ নিহত হয়েছে এবং ১০ হাজারেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এ ঘটনায় প্রেসিডেন্ট আসাদ সরকারের তীব্র সমালোচনা করেছে এবং বেশ কিছু নিষেধাজ্ঞাও আরোপ করেছে।প্রেসিডেন্ট আসাদের পদত্যাগ, রাজনৈতিক স্বাধীনতা ও বিভিন্ন বিষয়ে সংস্কারের দাবিতে আন্দোলন করছেন সরকারবিরোধীরা। বিবিসি, এএফপি, রয়টার্স।