সাধারণ পরিষদে সিরিয়া নিয়ে ভোটাভুটি আজ
সিরিয়ার জনগণের ওপর ভয়াবহ দমন-নিপীড়ন ও হামলা চালানো বন্ধে প্রেসিডেন্ট বাশার-আল-আসাদকে আহ্বান জানাতে আজ বৃহস্পতিবার সাধারণ পরিষদে নতুন একটি প্রস্তাব আনা হচ্ছে। এ প্রস্তাবের ওপর আজই ভোটাভুটি হবে। এদিকে নতুন সংবিধানের খসড়া প্রণয়নে ২৬ ফেব্রুয়ারি সিরিয়ায় গণভোট হবে বলে ঘোষণা করেছে বাশার সরকার। জাতিসংঘ সাধারণ পরিষদে অনুমোদনের জন্য সৌদি আরব ও কাতার প্রস্তাবটি এনেছে। সাধারণ পরিষদের সদস্যদের কাছে প্রস্তাবটি গত মঙ্গলবার পেশ করা হয়। প্রস্তাবে সিরিয়ায় ১১ মাস ধরে চলা সেনা অভিযান বন্ধে আরব লিগের পরিকল্পনার প্রতি সমর্থন জানানো হয়। এ ব্যাপারে মধ্যস্থতা করতে জাতিসংঘের একজন বিশেষ দূত নিয়োগের কথাও প্রস্তাবে বলা হয়েছে। গত ৪ ফেব্রুয়ারি নিরাপত্তা পরিষদে সিরিয়া সংকট নিয়ে উত্থাপিত প্রস্তাবে দ্বিতীয় দফা ভেটো দেয় রাশিয়া ও চীন। উভয় দেশ ওই প্রস্তাবকে ‘ভারসাম্যহীন’ বলে অভিহিত করে। এ ঘটনার পর সাধারণ পরিষদে আজ নতুন প্রস্তাব উত্থাপন করা হচ্ছে। রাশিয়া ও চীন নতুন প্রস্তাবেরও বিরোধিতা করতে পারে। তবে ১৯৩ সদস্য দেশের সাধারণ পরিষদে কারও ভেটো দেওয়ার কোনো ক্ষমতা নেই। কূটনীতিকেরা মনে করছেন, এই প্রস্তাব পাস হয়ে যাবে। আজ স্থানীয় সময় বেলা তিনটায় প্রস্তাবটির ওপর ভোট নেওয়া হবে। নাম প্রকাশ না করে একজন কূটনীতিক বলেন, ‘গত ১৯ ডিসেম্বর উত্থাপিত প্রথম প্রস্তাবে ১৩৩ ভোট পড়েছিল। আমরা দেখব, নতুন প্রস্তাবে এর বেশি বা কম ভোট পড়ে কি না।’প্রথম প্রস্তাবে সিরিয়ায় মানবাধিকার লঙ্ঘনের জন্য নিন্দা জানানো হয়। মানবাধিকারকর্মীদের তথ্য অনুযায়ী, গত মার্চের মাঝামাঝি থেকে বাশার সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হওয়ার পর সিরিয়ায় ছয় হাজারের বেশি লোক নিহত হয়েছে। সংকট সমাধানে চীনা দূত: সিরীয় সংকট সমাধানে দুজন দূত নিয়োগ করেছে চীন। গত মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, লি হুয়াজিন নামের একজন দূত ইতিমধ্যে মিসরে গেছেন। তিনি আরব লিগের প্রধান নাবিল আল-আরাবির সঙ্গে সিরিয়া সংকট নিয়ে আলোচনা করেছেন। আরেক দূত একই লক্ষ্যে মধ্যপ্রাচ্য সফরে যাবেন।তেলের পাইপলাইনে ক্ষতি: সিরিয়ায় গোলযোগের কেন্দ্রবিন্দু বলে পরিচিত হোমস শহরে গতকাল বিস্ফোরণে একটি তেলের বড় পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের পর বাবা আমর শহরের খামার এলাকার ওই পাইপলাইনে ধোঁয়ার বিশাল কুণ্ডলি উঠতে দেখা যায়। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, সশস্ত্র সন্ত্রাসীরা এই বিস্ফোরণ ঘটিয়েছে। একটি মানবাধিকার সংগঠন দাবি করে, সেনাদের বিমান হামলায় ওই পাইপলাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এএফপি ও বিবিসি।