সাধারণ ব্যথানাশক থেকে হৃদ্রোগের ঝুঁকি বাড়ে?
সাধারণ ব্যথানাশক ওষুধের সঙ্গে হৃদ্রোগের একটি যোগসূত্র থাকতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। তবে এ বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি তাঁরা। যুক্তরাজ্যভিত্তিক চিকিৎসাবিষয়ক সাময়িকী দ্য বিএমজেতে সম্প্রতি প্রকাশিত একটি গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
বিজ্ঞানীদের আন্তর্জাতিক একটি দল কানাডা, ফিনল্যান্ড এবং যুক্তরাজ্যের ৪ লাখ ৪৬ হাজার ৭৬৩ ব্যক্তির ওপর গবেষণাটি পরিচালনা করেছেন। এতে দেখা গেছে, হৃদ্রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি হতে পারে ব্যথানাশক ওষুধ সেবনের প্রথম ৩০ দিনে। বিশেষ করে, বেশি মাত্রায় প্রদাহ ও ব্যথানাশক ওষুধ সেবনে এ ঝুঁকির হার বেশি থাকে। তবে সমীক্ষায় অংশগ্রহণকারীদের ক্ষেত্রে ব্যথানাশক ওষুধ ছাড়াও হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পেছনে আরও কিছু কারণ থেকে থাকতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা।
যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক কেভিন ম্যাককনওয়ে বলেন, হৃদ্রোগ আর ব্যথানাশক ওষুধের মধ্যকার যোগসূত্র অনুসন্ধানে কিছুটা আলো ফেলতে পেরেছে এই গবেষণা। তবে কিছু বিষয় এখনো পরিষ্কার নয়।
তবে অতীতের গবেষণার ভিত্তিতে ব্যথানাশক ওষুধ প্রয়োগের ক্ষেত্রে এখনো সাবধানতা অবলম্বন করেন যুক্তরাজ্যের চিকিৎসকেরা। এ ব্যাপারে দেশটিতে নির্দেশনা রয়েছে, হৃদ্যন্ত্রের সমস্যাগ্রস্ত রোগীর ক্ষেত্রে ব্যথানাশক সাবধানে ব্যবহার করতে হবে।