সান ফ্রান্সিসকোতে উড়োজাহাজ বিধ্বস্ত নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে গত শনিবার যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে দুজন নিহত ও অন্তত ২০০ জন আহত হয়েছেন। উড়োজাহাজটি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে সান ফ্রান্সিসকো পৌঁছে বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আশিয়ানা এয়ারলাইনসের বোয়িং ৭৭৭ উড়োজাহাজটিতে ৩০০ জনের বেশি আরোহী ছিলেন। হঠাৎ বিস্ফোরণের পর আগুন ধরে গেলে যাত্রীরা দ্রুত উড়োজাহাজ থেকে নেমে যান। আশিয়ানা এয়ারলাইনসের এক বিবৃতিতে দুই যাত্রীর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সিউলে এক সংবাদ সম্মেলনে আশিয়ানা এয়ারলাইনসের প্রধান নির্বাহী ইউন ইয়াং-দু বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেনি বলে আমরা জানতে পেরেছি।’ সান ফ্রান্সিসকো জেনারেল হাসপাতালের মুখপাত্র র‌্যাচেল কাগান জানান, হাসপাতালে ১৮১ জনকে ভর্তি করা হয়েছে। তাঁদের বেশির ভাগেরই আঘাত খুব বেশি গুরুতর নয়। তবে দুই শিশুসহ ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। বিবিসি।