সানবেড আসছে কারাগারে
রাশিয়ার কুখ্যাত বুতিরকা কারাগারে কয়েদিদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সানবেডসহ অন্যান্য সুযোগসুবিধা রাখার ব্যবস্থা নেওয়া হচ্ছে। সানবেড একধরনের কৃত্রিম অতি বেগুনী রশ্মি নিঃসরণকারী যন্ত্র। সাধারণত শ্বেতাঙ্গরা গায়ের চামড়া তামাটে করার জন্য বাক্সের মতো দেখতে এ যন্ত্র ব্যবহার করে।উনিশ শতকে নির্মিত রাজধানী মস্কোর কেন্দ্রস্থলে অবস্থিত বুতিরকা কারাগারের প্রধান সেরগেই তেলিয়ানতিকোভ বলেছেন, সানবেড স্থাপনের পাশাপাশি কয়েদিদের স্বাস্থ্যপরীক্ষার জন্য তাঁরা স্বয়ংক্রিয় আলট্রাসাউন্ড যন্ত্রপাতিও স্থাপন করতে যাচ্ছেন।একটি এফএম রেডিওকে তেলিয়ানতিকোভ বলেন, এ বছরের শেষ দিকে তাঁরা সানবেডগুলো স্থাপন করবেন। তবে সেগুলো ব্যবহার করার অনুমতি পেতে কয়েদিদের আগেভাগেই আবেদন করতে হবে এবং নির্দিষ্ট অঙ্কের অর্থ পরিশোধ করতে হবে।বেশ কিছুদিন ধরেই বিভিন্ন মানবাধিকার সংগঠনের কর্মীরা রাশিয়ার জেলখানাগুলোতে অপ্রতুল জায়গায় কয়েদিদের রাখা এবং তাঁদের সুচিকিৎসা না দেওয়ার অভিযোগ করে আসছেন।২০০৯ সালে রাশিয়ার শীর্ষস্থানীয় আইনজীবী সেরগেই ম্যানিতস্কি বুতিরকা কারাগারে মারা যান। মৃত্যুর আগে তিনি তাঁকে বেআইনিভাবে আটক করা এবং জেলখানায় চিকিৎসা না দেওয়ার অভিযোগ করেছিলেন। ফেডারেল প্রিজন সার্ভিস বিষয়টি স্বীকার করে জানায়, ম্যানিতস্কির মৃত্যুর জন্য জেলখানার অব্যবস্থাপনা আংশিকভাবে দায়ী।কারাপ্রধান তেলিয়ানতিকোভ বলেছেন, তাঁরা ইন্টারনেটের মাধ্যমে কয়েদিদের সঙ্গে স্বজনদের ভিডিও কনফারেন্সিংয়ের ব্যবস্থাও রাখছেন।বহু পুরোনো এই বুতিরকা কারাগারে সোভিয়েত আমলের ভিন্নমতাবলম্বী লেখক আলেকজান্ডার সোলঝেনেৎসিন ও ইসাক বাবেল এবং এডলফ হিটলারের ভাইপো হাইনরিখের মতো বহু গুরুত্বপূর্ণ ব্যক্তি আটক ছিলেন। বিবিসি।