সানায় যুক্তরাজ্যের দূতাবাস খুলেছে
ইয়েমেনের রাজধানী সানায় যুক্তরাজ্যের দূতাবাস আবার চালু হয়েছে। দেশটি ব্রিটিশ সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে যুক্তরাজ্য দূতাবাসটি প্রায় দুই সপ্তাহ আগে বন্ধ ঘোষণা করে সব কর্মকর্তা-কর্মচারীকে দেশে ফিরিয়ে নিয়েছিল।আল-কায়েদা জঙ্গিদের হামলার আশঙ্কায় ইয়েমেনসহ মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে মার্কিন দূতাবাসও বন্ধ রাখা হয়। মার্কিন সরকারের ভাষ্যমতে, আল-কায়েদার প্রধান আয়মান আল-জাওয়াহিরি ও সংগঠনটির ইয়েমেন শাখার নেতা নাসের আল-ওহায়শির মধ্যে একটি গোপন আলোচনায় সন্ত্রাসবাদী পরিকল্পনা করা হয়েছিল এ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা ওই সিদ্ধান্ত নেন। এরপর ইয়েমেনের রাজধানী সানায় নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়।স্থানীয় নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, ইয়েমেনি গোয়েন্দারা সানায় আল-কায়েদার বহু সদস্যের আসার ব্যাপারে তথ্য পেয়েছে। তারা বড় ধরনের হামলার প্রস্তুতি নিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। পশ্চিমা বিভিন্ন দেশের দূতাবাস ও ইয়েমেনি সামরিক বাহিনীর সদর দপ্তর লক্ষ্য করে জঙ্গি হামলার আশঙ্কা ছিল।ইয়েমেনে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার আরব উপদ্বীপ শাখার (একিউএপি) ঘাঁটি। বিবিসি।