সান্ডা ক্লাউডেড লেপার্ড আলাদা প্রজাতির
প্রথম দর্শনে এই বাঘ দেখলে হকচকিয়ে যেতে হবে। গায়ে চিরচেনা ডোরা বা ফুটকি নেই। সারা গায়ে কালো কালো ছোপ। যাঁরা চেনেন, জানেন, তাঁদের কাছে এই বাঘ ‘সান্ডা ক্লাউডেড লেপার্ড’ নামে পরিচিত। এর মধ্যে একটি বাঘের বিচরণ বোর্নিও দ্বীপের ইন্দোনেশিয়া অংশে ও অন্যটির বিচরণ সুমাত্রায়। অনেক দিন ধরে বিজ্ঞানীদের ধারণা, বোর্নিও ও সুমাত্রার সান্ডা ক্লাউডেড লেপার্ড এশিয়ার অন্যান্য ক্লাউডেড লেপার্ড থেকে আলাদা প্রজাতির। গত রোববার গবেষকেরা নিশ্চিত করেছেন, এগুলো সত্যিই ভিন্ন প্রজাতির বাঘ।বিজ্ঞানীরা দাবি করেন, পরীক্ষার মাধ্যমে এ ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। অনেক দিন ধরে ধারণা ছিল, বোর্নিওর ওই চিতাবাঘ ইন্দোনেশীয় জাতভাইদের থেকে আলাদা। এই পরীক্ষা ধারণাটির সত্যতা নিশ্চিত করেছে।২০০৭ সালে প্রথম এই বাঘের সন্ধান মেলে। জার্মানির লিবনিজ ইনস্টিটিউট ফর জু অ্যান্ড ওয়াইল্ডলাইফ রিসার্চের বিজ্ঞানী আন্ড্রেয়াস উইলটিং এবং ইন্দোনেশিয়ার সাবাহ বন্য প্রাণী ও বন বিভাগের গবেষকদের প্রতিবেদনে বলা হয়, সান্ডা চিতাবাঘের দুটি উপপ্রজাতিকে এখন থেকে অবশ্যই ভিন্ন জাতের দুটো বাঘ হিসেবে বিবেচনা করতে হবে। উইলটিং বলেন, ‘বোর্নিও ও সুমাত্রার চিতাবাঘ এশিয়ার মূল ভূখণ্ডের ক্লাউডেড চিতাবাঘ থেকে আলাদা।’ এএফপি, বিবিসি ও ডেইলি মেইল অনলাইন।