সাপে বিপর্যস্ত গুয়াম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবেমাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। পাপুয়া নিউগিনি থেকে মার্কিন যুদ্ধ সরঞ্জামের কোনোটা বিমানে কোনোটা জাহাজে করে পাপুয়া নিউগিনির মেনাস দ্বীপ থেকে যুক্তরাষ্ট্রের পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় গুয়াম দ্বীপে পাঠানো হচ্ছে। কিন্তু মার্কিন সেনাদের কড়া নজরদারির ফাঁক গলে বিমান বা জাহাজে উঠে পড়ে দ্বীপের একটি ‘ব্রাউন ট্রি সাপ’। মার্কিন মুলুকে নামার পরই ওই সাপটি রোপণ করে নতুন এক যুদ্ধের বীজ। এরপর কেটে গেছে ৬০ বছরেরও বেশি সময়।গুয়ামজুড়ে এখন চলছে নতুন এক যুদ্ধ, যার শিকার সাধারণ মানুষ থেকে শুরু করে প্রাণিকুল। পুরো গুয়াম ৫০ কিলোমিটার লম্বা আর মাত্র ১০ কিলোমিটার চওড়া। এটুকু জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে ২০ লাখ সাপ!ব্রাউন ট্রি সাপ অতি বিষধরও নয়, আবার নেহাত নির্বিষও নয়। মাঝারি বিষধর এই সাপই এখন গুয়াম দ্বীপের সবচেয়ে বড় সমস্যা। এই সাপের বিচরণ দ্বীপের সর্বত্র। প্রায়ই দ্বীপের মানুষের ঘুম ভাঙে বিছানায় সাপের অস্তিত্ব আবিষ্কার করে। শুধু তা-ই নয়, সাপেরা দল বেঁধে বিদ্যুৎ সঞ্চালন লাইনের ওপর চলার ফলে দ্বীপে বিদ্যুৎ-বিভ্রাটের ঘটনা এখন নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা এখন বিদ্যুৎ চলে গেলে মজা করে বলছে ‘ব্রাউন আউটস’ (ব্রাউন ট্রি সাপ বের হয়েছে)।স্থানীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে এই সাপ। হরহামেশা মানুষকে দংশন ছাড়াও সাপের উপদ্রবে পর্যটকেরাও মুখ ফিরিয়ে নিচ্ছে গুয়াম থেকে। পণ্যবাহী (কার্গো) বিমানেও উঠে পড়ছে এই সাপ!কিন্তু ব্রাউন ট্রি সাপের উপদ্রবের কারণে মানুষের চেয়েও বেশি সমস্যায় পড়েছে গুয়ামের বন্য প্রাণী। প্রায় হারিয়ে গেছে সেখানকার অতি পরিচিত ও স্থানীয় পাখি ‘কোকো’।গুয়ামের কৃষি বিভাগের কর্মকর্তা চেরিল ক্যালা বলেন, ‘ব্রাউন ট্রি সাপের কারণে প্রকৃতিতে ধ্বংসাত্মক প্রভাব পড়েছে। গত ৩০ বছরে স্থানীয় ১২ প্রজাতির পাখির মধ্যে ১০টিই হারিয়ে গেছে।’কীভাবে এই সাপকে নিয়ন্ত্রণ করা যায়, তা নিয়ে শুধু স্থানীয় কৃষি বিভাগ নয়, গলদঘর্ম হতে হচ্ছে মার্কিন সরকারকেও। সহায়তা নেওয়া হচ্ছে কুকুরের। হেলিকপ্টার থেকে বিষ মেশানো মৃত ইঁদুর ফেলা হচ্ছে জঙ্গলে। কিন্তু অবস্থার খুব একটা উন্নতি হয়নি। বিবিসি।