সাফল্য নিয়ে উদ্বিগ্ন বরিস জনসন

৩১ অক্টোবর গ্লাসগোয় শুরু হয়ে জলবায়ু সম্মেলন (কপ-২৬) চলবে ১২ নভেম্বর পর্যন্ত।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন
ছবি: রয়টার্স

আগামী রোববার শুরু হতে যাওয়া জলবায়ু সম্মেলন সফল হবে কি না, তা নিয়ে এবার নিজের উদ্বেগের কথা জানিয়েছেন স্বাগতিক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। আসন্ন জলবায়ু সম্মেলন ব্যর্থ হলে তার পরিণতি ভয়াবহ হবে বলে জাতিসংঘ হুঁশিয়ারি দেওয়ার এক দিন পর বরিস জনসন তাঁর আশঙ্কার কথা প্রকাশ করলেন।

গতকাল সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী একদল শিশুর সঙ্গে প্রশ্নোত্তর অনুষ্ঠানে বলেন, ‘আমি মনে করি, এটা (সম্মেলনে চুক্তিতে পৌঁছানো) সম্ভব। তবে এটি খুবই কঠিন একটি শীর্ষ সম্মেলন এবং আমি খুবই উদ্বিগ্ন যে এখানে ভুল হতে পারে। আমরা যেসব চুক্তি চাই, সেগুলো না–ও পেতে পারি। অবস্থা খুবই সংকটাপন্ন। আমাদের যতটা অগ্রগতি দরকার, ততটা অর্জিত হবে কি না, তা মোটেও স্পষ্ট নয়।’

স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হতে যাওয়া জাতিসংঘের জলবায়ুবিষয়ক শীর্ষ সম্মেলন, কপ-২৬–এর সফলতার বিষয়ে সতর্ক করে দিয়ে জাতিসংঘ বলেছে, কপ-২৬ ব্যর্থ হলে বিশ্বজুড়ে চরম সংঘাত ও বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দিতে পারে। আয়োজক দেশ যুক্তরাজ্যের তরফে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন যিনি, সেই অলোক শর্মাও বলেছেন যে কপ-২৬-এ চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো প্যারিস জলবায়ু চুক্তির চেয়ে কঠিন হতে পারে।

৩১ অক্টোবর গ্লাসগোয় শুরু হয়ে কপ-২৬ চলবে ১২ নভেম্বর পর্যন্ত। ১২০টির বেশি রাষ্ট্র ও সরকারপ্রধান এবং প্রায় ৩০ হাজার জলবায়ু বিশেষজ্ঞ, উন্নয়নকর্মী, সাংবাদিক এবারের সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে। তবে জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ যে ক্ষতিকর কার্বন গ্যাস, বর্তমানে তা উদ্‌গিরণের শীর্ষে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এই শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন না। একইভাবে অনুপস্থিত থাকছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৈশ্বিক উষ্ণায়নের মাত্রা দেড় ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনার জন্য প্যারিস চুক্তিতে বিশ্বের সব দেশ যে অঙ্গীকার করেছিল, তা বাস্তবায়নে প্রতিটি দেশের নিজস্ব জাতীয় পরিকল্পনা প্রকাশ করার কথা ছিল। সেটি এখনো সব দেশ প্রকাশ করেনি। ফলে সম্মিলিতভাবে করণীয় নির্ধারণ কঠিন হয়ে পড়েছে। বিপরীতে, বর্তমানে এসব ক্ষতিকর গ্যাস উদ্‌গিরণ যে হারে ঘটছে, তাতে বিজ্ঞানীরা বলছেন, বৈশ্বিক উষ্ণায়নের হার আসলে ৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে।

আমি মনে করি, এটা (সম্মেলনে চুক্তিতে পৌঁছানো) সম্ভব। তবে এটি খুবই কঠিন একটি শীর্ষ সম্মেলন এবং আমি খুবই উদ্বিগ্ন যে এখানে ভুল হতে পারে। আমরা যেসব চুক্তি চাই, সেগুলো না–ও পেতে পারি। অবস্থা খুবই সংকটাপন্ন। আমাদের যতটা অগ্রগতি দরকার, ততটা অর্জিত হবে কি না, তা মোটেও স্পষ্ট নয়।
বরিস জনসন, প্রধানমন্ত্রী, যুক্তরাজ্য

জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জবিষয়ক এক্সিকিউটিভ সেক্রেটারি প্যাট্রিসিয়া এসপিনোসা সতর্ক করে বলেছেন, এই সম্মেলনের ব্যর্থতা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। ভেঙে পড়তে পারে বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা। দেশগুলো গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমাতে সফল না হলে ক্রমবর্ধমান অভিবাসন ও খাদ্যসংকট বিশ্বজুড়ে সংঘাত ও বিশৃঙ্খলার কারণ হতে পারে।

বৈশ্বিক উষ্ণায়নের প্রধান উৎস শিল্পোন্নত দেশগুলো উন্নয়নশীল দেশগুলোতে ক্ষতিকর গ্যাস নিঃসরণ কমানো ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় আর্থিক সহায়তার যেসব অঙ্গীকার করেছিল, সেগুলো পূরণ না হওয়ার কারণেও এই বৈশ্বিক আলোচনায় আস্থার ঘাটতি বিশেষ সমস্যা হয়ে আছে। শিল্পোন্নত দেশগুলো ২০০৯ সালে অঙ্গীকার করেছিল, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ২০২০ সাল নাগাদ উন্নয়নশীল দেশগুলোতে তাদের বার্ষিক সাহায্যের পরিমাণ ১০ হাজার কোটি ডলারে উন্নীত হবে। কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। উন্নত দেশগুলোর অর্থনৈতিক সহযোগিতাবিষয়ক জোট ওইসিডির হিসাবে সর্বশেষ ২০১৯ সালেও ধনী দেশগুলো দিয়েছে ৮০০ কোটি ডলার। আগের বছরগুলোয় এর পরিমাণ ছিল আরও কম।

গতকাল সোমবার যুক্তরাজ্য, জার্মানি ও কানাডা উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা কার্যক্রমের অর্থায়নে নতুন পরিকল্পনা ঘোষণা করেছে। এসব দেশ আশা করছে নতুন পরিকল্পনা উন্নয়নশীল দেশগুলোকে একটি সমঝোতায় পৌঁছাতে সহায়তা করবে। নতুন পরিকল্পনায় উন্নয়নশীল দেশগুলোকে বার্ষিক সহায়তা ১০ হাজার কোটি ডলার পূরণ করার সময়সীমা ২০২৩ সালের মধ্যে অর্জনের লক্ষ্য পুননি৴র্ধারণের কথা বলেছে। তা ছাড়া অর্থায়নের ক্ষেত্রে দরিদ্র দেশগুলোতে ক্ষতিকর গ্যাস নির্গমন কমানোর পদক্ষেপের চেয়ে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার বিষয়কে বেশি প্রাধান্য দেওয়া হবে। এই পরিকল্পনার প্রতিক্রিয়ায় মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ বিবিসিকে বলেন, এ ঘোষণা খুবই হতাশাজনক। তিনি বলেন, কপ–২৬ এর প্রতি আস্থা তৈরি ও গতি সঞ্চারের জন্য ১০ হাজার কোটি ডলার সাহায্যের অঙ্গীকার এখনই পূরণ করতে হবে, ২০২৩ পর্যন্ত অপেক্ষা নয়।