সাবধান! শোয়ার ঘর থেকে টিভি সরান

একটু আয়েশ করে প্রিয় অনুষ্ঠান দেখার জন্য অনেকেই শোয়ার ঘরে টেলিভিশন রেখে দেন। একই ঘরে হয়তো ঘুমায় শিশুরাও। কিন্তু গবেষকেরা শিশুদের ঘুমানোর ঘরে টিভি না রাখতে সাবধান করে দিয়েছেন। তাঁরা বলেছেন, শোয়ার ঘরে টিভি থাকলে শিশুদের মুটিয়ে যাওয়ার ঝুঁকি বাড়ে।
শিশুদের মুটিয়ে যাওয়া নিয়ে এখন অনেক বাবা-মাকে উদ্বিগ্ন হতে দেখা যায়। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের বিজ্ঞানীদের গবেষণার তথ্য, নানা কারণে শিশুরা মুটিয়ে যায়। তবে যেসব শিশুর শোয়ার ঘরে টেলিভিশন থাকে, অন্যদের তুলনায় তারা বেশি মোটা হয়।
গবেষকেরা বলছেন, শিশুরা বিশেষ করে যেসব মেয়ে শিশু টিভি দেখার জন্য বেশি সময় ব্যয় করে, তাদের ওজন বেশি বলে গবেষণায় জানা গেছে। ল্যাপটপ ও মুঠোফোন ব্যবহারের ক্ষেত্রেও একই ফল হয় কি না, সেটি এখনই জরুরি ভিত্তিতে অনুসন্ধান করা প্রয়োজন বলে মনে করছেন ওই গবেষকেরা।
বিশেষজ্ঞরা বলেন, দীর্ঘ সময় টিভি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা শিশুদের স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ ও ক্ষতিকর।
ইন্টারন্যাশনাল জার্নাল অব ওবেসিটিতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। গবেষণায় যুক্তরাজ্যের ১২ হাজারেরও বেশি শিশুর তথ্য বিশ্লেষণ করা হয়। এতে গবেষকেরা দেখেছেন, এর অর্ধেকেরও বেশি শিশু সাত বছর বয়সেই তাদের শোয়ার ঘরে টিভি পেয়েছে। ওই শিশুদের মা-বাবার কাছে জানতে চাওয়া হয়, তাদের শিশুরা সাধারণত টিভি দেখার জন্য দিনে কত ঘণ্টা সময় ব্যয় করে। পরে ওই শিশুদের বয়স ১১ বছর হলে তাদের শরীরের ভর সূচক (উচ্চতা ও ওজনের অনুপাত) হিসাব করা হয়। আর তাতে বেশি টিভি দেখা শিশুদের শরীরে অতিরিক্ত চর্বির উপস্থিতি দেখা যায়।
সাত বছর বয়সে যেসব মেয়ে শিশুর শোয়ার ঘরে টিভি পায়, ১১ বছর বয়সে গিয়ে এই শিশুদের মুটিয়ে যাওয়ার ঝুঁকি শয়নকক্ষে টিভি ছিল না, এমন শিশুদের তুলনায় ৩০ শতাংশেরও বেশি। আর ছেলেদের ক্ষেত্রে এ ঝুঁকি বেড়ে যায় প্রায় ২০ শতাংশ।
গবেষক ড. আনজা হেইলম্যান বলেন, ‘আমাদের গবেষণায় স্পষ্টভাবে দেখা গেছে যে একটি ছোট শিশুর শোয়ার ঘরে টিভি থাকলে কয়েক বছর পর তার ওজন বেড়ে যায়।’