সাবমেরিনের প্রথমবারের মতো পুরো কাজ শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষের খোঁজে ভারত মহাসাগরে একটি মিনি সাবমেরিন প্রথমবারের মতো পূর্ণাঙ্গ অভিযান চালিয়েছে। অভিযানে পাওয়া তথ্য বিশ্লেষণের কাজ চলছে। অস্ট্রেলিয়ার কর্মকর্তারা আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, এর আগে দুবার মিনি সাবমেরিন দিয়ে অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে ভারত মহাসাগরে দুটি অভিযানের চেষ্টা হয়। তবে তা ব্যর্থ হয়।
মিনি সাবমেরিনের সহায়তায় গত মঙ্গলবার রাতে প্রথম অভিযানটি শুরু হয়। কিন্তু সমুদ্রের সংশ্লিষ্ট এলাকার গভীরতা সীমার বাইরে চলে যাওয়ায় অভিযানটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়।
দ্বিতীয় অভিযানটি শুরু হয় গত মঙ্গলবার রাতে। যান্ত্রিকত্রুটির কারণে গতকাল বুধবার সকালে তা বন্ধ হয়ে যায়।
অস্ট্রেলিয়ার কর্মকর্তারা আজ জানান, তৃতীয় দফার চেষ্টায় সাবমেরিনটি পূর্ণাঙ্গ অভিযান চালাতে সক্ষম হয়েছে। সমুদ্রের প্রায় ৯০ বর্গ কিলোমিটার এলাকায় অভিযান চালানো হয়েছে। এখন প্রাপ্ত তথ্যগুলো বিশ্লেষণ করা হচ্ছে। একই সঙ্গে পরবর্তী অভিযানের জন্য প্রস্তুতি চলছে।
মালয়েশিয়া এয়ারলাইনসের এমএইচ৩৭০ উড়োজাহাজটি ২৩৯ জন আরোহী নিয়ে গত ৮ মার্চ রহস্যজনকভাবে নিখোঁজ হয়। কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করার এক ঘণ্টা পরই রাডারের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
কৃত্রিম উপগ্রহের (স্যাটেলাইট) মাধ্যমে সংগৃহীত তথ্য-উপাত্তের ভিত্তিতে মালয়েশিয়ার সরকারি কর্মকর্তারা বলছেন, উড়োজাহাজটি ভারত মহাসাগরের দক্ষিণ অংশে ধ্বংস হয়েছে। দুর্ঘটনাস্থল অস্ট্রেলিয়ার পার্থ শহর থেকে কয়েক হাজার কিলোমিটার পশ্চিমে। মহাসাগরের সংশ্লিষ্ট এলাকায় অনুসন্ধানের কাজ চলছে।