সাবেক গেরিলা যোদ্ধা মাতান রুয়াক পূর্ব তিমুরের প্রেসিডেন্ট
পূর্ব তিমুরের প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক গেরিলা যোদ্ধা তাউর মাতান রুয়াককে আনুষ্ঠানিকভাবে জয়ী ঘোষণা করা হয়েছে। গত সোমবার সুপ্রিম কোর্টের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। এতে গত সপ্তাহে ঘোষিত প্রাথমিক ফলাফলই নিশ্চিত হলো।সুপ্রিম কোর্টের বিবৃতিতে বলা হয়, ১৬ এপ্রিল অনুষ্ঠিত ভোটে ৬১ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন রুয়াক। তাঁর প্রতিদ্বন্দ্বী ফ্রান্সিসকো গুতেরেস ‘লু ওলো’ পরাজিত হয়েছেন। আদালত নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণকে বৈধতা দেন।রুয়াক একজন বীর যোদ্ধা বলে পরিচিত। ইন্দোনেশিয়ার ২৪ বছরের দখলদারির বিরুদ্ধে তিনি লড়াই করে এ সুনাম অর্জন করেন। সাবেক সেনাপ্রধানও তিনি। নির্বাচনে জয়ের ফলে রুয়াক নোবেলজয়ী প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তার স্থলাভিষিক্ত হবেন। গত ১৭ মার্চ অনুষ্ঠিত প্রথম দফা ভোটে হোর্তা তৃতীয় স্থানে ছিলেন।৫৫ বছর বয়সী রুয়াক প্রেসিডেন্ট হিসেবে দারিদ্র্যপীড়িত একটি দেশ পরিচালনা করবেন। আগামী মাসে দেশটি তাদের আনুষ্ঠানিক স্বাধীনতার এক দশক পূর্তি উদ্যাপন করবে। এএফপি।